২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্যাপ্রিওর কাছে হেরে ট্যাটু করাবেন হার্ডি!

আলেহান্দ্রো গনসালেস ইনিয়ারিতুর ‘দ্য রেভেন্যান্ট’ সৌভাগ্য বয়ে এনেছে তাদের দুজনের জন্যই। একজন বহুবারের মনোনয়নের পর অর্জন করেছেন প্রথম অস্কার, আরেকজন পেয়েছেন পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন। কিন্তু সিনেমাটি নিয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং টম হার্ডির মধ্যে চলছিল আরেকটি মজার লড়াই; আর তাতে হেরে গিয়ে এবার ডিক্যাপ্রিওর হাতের লেখা-ই ট্যাটু করাতে হচ্ছে হার্ডিকে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

ঘটনা হলো, সিনেমার খলচরিত্র জন ফিটজেরাল্ডের চরিত্রে দারুণ অভিনয় করেও খুঁতখুতে ভাব কাটছিলনা হার্ডির মন থেকে। ডিক্যাপ্রিও তখন বলেছিলেন, এই অভিনয় এতোই চমৎকার হয়েছে যে, এটি হার্ডিকে এনে দিতে পারে ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন। হার্ডি সেটা বিশ্বাস করেননি, আর তাতেই হার্ডির সঙ্গে বাজি ধরে বসেন ডিক্যাপ্রিও।

শর্ত ছিল, ডিক্যাপ্রিওর কথা ঠিক হলে, ‘লিও সব জানে’- এই বাক্যটি তার হাতের লেখাতেই নিজের শরীরে ট্যাটু করাবেন হার্ডি। এখন বাজিতে হেরে যাওয়ায় সেই মাশুলই দিতে হচ্ছে এই ব্রিটিশ তারকাকে।

Image
অস্কার বাজিতে হেরে ‘লিও সব জানে’ লেখা ট্যাটু করাতে হবে টম হার্ডিকে

অস্কার বাজিতে হেরে ‘লিও সব জানে’ লেখা ট্যাটু করাতে হবে টম হার্ডিকে

এস্কোয়্যার ম্যাগাজিনকে এব্যাপারে হার্ডি বলেন, “আমি এখনও এটা করাইনি, কারণ এটা খুবই জঘন্য!”

তিনি আরও বলেন, “ সে লিখেছিল, তার খুবই খারাপ হাতের লেখায়, ‘লিও সব জানে’। আমি বলেছিলাম, ঠিক আছে, আমি এটা করবো, কিন্তু তোমাকে এটি ঠিকভাবে লিখতে হবে!”

ট্যাটু করানো কিন্তু নতুন কোনো বিষয় নয় ‘ম্যাড ম্যাক্স’ খ্যাত এই তারকার জন্য। এর আগে স্ত্রীর নামে ‘শার্লট’ লেখা একটি ট্যাটু করিয়েছেন তিনি। এছাড়াও আছে একটি চীনা ড্রাগন ও ধর্মীয় কিছু প্রতীকের ট্যাটু।

তবে সবচেয়ে মজার ট্যাটুটি হলো হার্ডির মুখপাত্র লিন্ডি কিং-এর নামে করা ট্যাটুটি। লিন্ডি কিং যদি হার্ডিকে হলিউডে কাজ ধরিয়ে দিতে পারেন, তবে তার নামে ট্যাটু করাবেন- এমন বাজি ধরেছিলেন তিনি। সেই বাজিতে হেরেই ওই ট্যাটুটি করা!