২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় শুরু হল ‘সুন্দরী নাট্যমেলা’

নাট্য সংগঠন নাট্যতীর্থ পথচলার এক যুগ পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে ‘সুন্দরী নাট্যমেলা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 11:10 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘নারীর সৃজনে ঋদ্ধ বিশ্ব চরাচর’ প্রতিপাদ্যে উদ্বোধন হয় ছয় দিনব্যাপী এই নাট্যোৎসবের।

নারী চরিত্রকে মূখ্য করে নির্মিত ছয়টি নির্বাচিত নাটকের এ নাট্যোৎসবের মূল আকর্ষণ সবগুলো নাটকের প্রযোজনা ‘সুন্দরী’ নামকরণে।

নাট্যজন ফেরদৌসী মজুমদারের পক্ষে এ উৎসবের উদ্বোধন করেন রামেন্দু মজুদমদার; অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সেলিনা হোসেন বলেন, “যখন পুরুষরা শিকারে ব্যস্ত ছিলেন, তখন নারীরা শষ্য দানা কুড়াতেন।  আজ সে পরিস্থিতির উন্নতি ঘটেছে। সৃজনশীল কাজের মধ্য দিয়ে নারীরা ঘর থেকে দেশে, দেশ থেকে বিদেশে নিজেদের কর্ম ছড়িয়ে দিচ্ছেন। ঠিক সে সময় মূখ্য নারীর চরিত্রের এ উৎসব ইতিবাচক।”

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে তাদের নাটক ‘শিবানী সুন্দরী’। দীর্ঘ ১৫ বছর পর নাটকটি মঞ্চস্থ হয়েছে।

সালাম সাকলাইন রচিত ও দিবাশীষ ঘোষ নির্দেশিত ‘শিবানী সুন্দরী’ মহাকালের ১৭তম প্রযোজনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুরেলা নাজিম, বেবী শিকদার, ফারুক আহমেদ সেন্টু, বাবু স্বপ্নওয়ালা, রিফাতসহ অন্যরা।
শনিবার মঞ্চস্থ হবে কিশোরগঞ্জের বঙ্গলোক নাট্যদলের প্রযোজনা ‘রূপচাঁন সুন্দরী’; রোববার নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী’, সোমবার কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠীর ‘মহুয়া সুন্দরী’, মঙ্গলবার থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’ এবং বুধবার উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে ময়মনসিংহের অন্বেষা থিয়েটারের প্রযোজনা ‘ভানু সুন্দরী’।

উৎসবের অংশ হিসেবে শনিবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলাদেশের নাটকে নারীর ভূমিকা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে ড. মাহফুজা হিলালীর মূল প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে।