‘মোয়ানা’ এখন ঢাকায়
সদ্য মুক্তি পাওয়া হলিউড কাঁপানো অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ এবার দেখা যাবে ঢাকায়।
শুক্রবার বসুন্ধরা শপিং মলের ‘স্টার সিনেপ্লেক্স’-এ মুক্তি পেয়েছে ওয়াল্ট ডিজনি’র এই নতুন ছবি।
থ্রিডি অ্যানিমেশনধর্মী এ অ্যাডভেঞ্চার ছবিটি ২৩ নভেম্বর মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। মুক্তির পরপরই দর্শক-সমালোচকদের দারুণ সাড়া পাওয়া এ ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসেও। পনের কোটি মার্কিন ডলারের এ ছবির আয় এরই মধ্যে ছাড়িয়ে গেছে প্রায় এগারো কোটির উপরে!
ওয়াল্ট ডিজনি’র ‘লিটল মারমেইড’ বইটির কথা এখনও মনে আছে সবার। ছোট্ট মৎস্যকন্যা এরিয়েল আর স্থলের রাজকুমারের বন্ধুত্ব-প্রেম এবং সবশেষে করুণ পরিণতি- এই গল্পকে অ্যানিমেশন সিনেমার আদলে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক জন মুসকার এবং রন ক্লিমেন্টস। এ দুই পরিচালকই এবারে দর্শকদের জন্য নিয়ে এসেছেন নতুন ছবি ‘মোয়ানা’।
কোনো পুরনো গল্প কিংবা চরিত্র নিয়ে নয় বরং ডিজনি এবার পরিচয় করিয়ে দিচ্ছে সম্পূর্ণ নতুন একটি চরিত্রের সঙ্গে। ১৬ বছর বয়সী মোয়ানা, যে কিনা সমুদ্রে ঘুরে বেড়ায় আর সন্ধান করতে থাকে তার স্বপ্নের একটি দ্বীপের। অন্যসব সিনেমার মতো প্রেমনির্ভর গল্প নয় এটি। এতে থাকছে মোয়ানার নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প যা তার দুঃসাহসিক অভিযানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
ছবিতে পলিনেশিয়ান উপদেবতা ‘মাউয়ি’র কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় রেসলার থেকে অভিনেতা ডোয়াইন জনসন ‘দ্য রক’ আর সিনেমার মূল চরিত্র মোয়ানার কণ্ঠ দিয়েছেন নবাগত আউলি ক্রাভালিও।
