নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’ মঞ্চায়নে শুরু ‘বটতলা রঙ্গমেলা’
নাট্যদল বটতলার নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’ মঞ্চায়নের মধ্য দিয়ে রাজধানীতে ‘বটতলা রঙ্গমেলা’ নামে নতুন একটি নাট্যোৎসবের পর্দা উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ‘ধরিত্রী ও মানবতার বিরুদ্ধে মুক্তির উৎসব’-স্লোগানে ১০ দিনব্যাপী এই উৎসবের আয়োজ করেছে নাট্যদল বটতলা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই নাট্যোৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘বটতলা রঙ্গমেলা’ নাট্যোৎসবে বাংলাদেশ ছাড়াও ভারতের দুটি ও ইরানের একটি নাটকের দল অংশ নিচ্ছে, যাকে ‘ভীষণ ইতিবাচক’ হিসেবে দেখছেন সংস্কৃতিমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশের নাট্যাঙ্গনে বিদেশের নাটকের দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে সংস্কৃতির আদানপ্রদান বাড়বে। একইসঙ্গে নাট্যাঙ্গনও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ, নাট্যব্যক্তিত্ব ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, নূনা আফরোজ।
বটতলার অন্যতম অভিনেত্রী ও নির্দেশক সামিনা লুৎফা নিত্রা বলেন, “ধ্বংসের তাণ্ডবলীলা আজ সভ্যতার নতুন নিশানা - ঠিকানাও। দিকে দিকে মরছে মানুষ, হচ্ছে লুণ্ঠিত-হতমান। সভ্যতা আর পণ্যমুখী আগ্রাসী উন্নয়নের চাপে প্রাণ-প্রকৃতি-মানবতা লুটাচ্ছে ধূলায়।
“দেশে দেশে স্বপ্নচারীদের হত্যা করা হচ্ছে, স্বপ্নের চোখে ধুলো দিয়ে মানুষ ছুটছে দস্যুতার পথে। সাংস্কৃতিক মেলবন্ধনই এই তাণ্ডব থেকে, আগামীর ভয়াবহতা থেকে মুক্তির ইশারা দিতে সক্ষম। নিঃশঙ্ক চিত্তে সেই ডাক আমরা দিতে চাই, ধরিত্রী ও মানবহত্যার বিরুদ্ধে মুক্তির উৎসবে।”
বিকাল সাড়ে ৫টায় বহিরাঙ্গন পরিবেশনায় শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপরে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় উৎসবের উদ্বোধনী পর্ব।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’। কর্নেল তাহেরের জীবনভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্নেল’-এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
এবারের উৎসবে থাকছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগের নাটক।
তাদের পাশাপাশি অংশ নিচ্ছে থিয়েটার (বেইলি রোড), আরণ্যক, নাগরিক নাট্যাঙ্গন, প্রাঙ্গনেমোর, নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে ড্রামা ক্লাব, ইউআইইউ থিয়েটার অ্যান্ড ফিল্ম ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পারফরমেন্স স্টাডিজ বিভাগ, যশোরের বিবর্তন নাট্যগোষ্ঠী।
এছাড়াও অংশ নিচ্ছে ভারতের কোচবিহারের দল কম্পাস, ভারতের হাওড়ার নটধা নাট্যদল, ইরানের ক্রেইজি বডি গ্রুপ।
আয়োজকরা জানান, ‘বটতলা রঙ্গমেলা নাট্যোৎসবের’ সমাপনী হবে ১০ ডিসেম্বর। সেদিন অভিনেতা আলী যাকেরের হাতে ‘আজীবন সম্মাননা স্মারক’ তুলে দেবে বটতলা।
এছাড়া উৎসবে অংশগ্রহণকারী দলগুলোকেও দেওয়া হবে ‘বিশেষ সম্মাননা’।
