বলিউডে জায়গা করে নেয়া কঠিনঃ সানি লিওনি
তার বলিউডে আগমন ধূমকেতুর মতই। খুব অল্প সময়েই নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন সানি লিওনি। তবে পর্নো জগতের বাসিন্দা থেকে বলিউডে জনপ্রিয় নায়িকার স্থান গড়ে নেওয়ার যাত্রাটা সহজ ছিলো না মোটেই। সানি জানালেন, তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এই পর্যন্ত আসতে।
সম্প্রতি নিউইয়র্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠান সানির নিজস্ব অ্যাপ তৈরি করে দিয়েছে। সেটির প্রচারণার কাজে এসেই বলিউডের ব্যাপারে এসব কথা বলেন সানি।
তিনি বলেন, “আমার মনে হয় এই জগতে এসে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি খুব দ্রুতই বুঝে গিয়েছিলাম বলিউড আমার জন্য পরিবর্তন হবে না। এটা আমার জন্য পুরোপুরি নতুন একটা জগত। আমি এখানে আসতে পেরে দারুণ খুশি। প্রতিদিনই আমি নতুন জিনিস শিখতে পারি। তাই এটা বেশ আনন্দের!”
বলিউডে প্রতিমুহূর্তেই কষ্ট করতে হয় বলেই জানান ‘জিসম-দুই’ এর নায়িকা, “কষ্টের কথা যদি বলতে হয়, সেটা তো প্রতিনিয়তই করতে হচ্ছে বলিউডে এসে!”
নিজের অ্যাপের ব্যাপারে তিনি বলেন, “আমার অনেক ভক্ত অনুরাগী আছে। যদি আমার ভক্ত না থাকতো তাহলে তো বলিউডে টিকতে পারতাম না। তাই এখানে আমরা সবাই যোগাযোগ রক্ষা করতে পারবো। অমিতাভ কিংবা খানদের কেউ না হলে আপনার ক্যারিয়ার অনেক কঠিন হয়ে যায়। তাই আমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে আমি যেটা চাই সেটাই করতে পারি।”
