২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে নির্দেশনায় ফিরছেন মাসুম রেজা

১৬ বছর পর মঞ্চ নাটকের নির্দেশনায় ফিরছেন মাসুম রেজা। দেশ নাটকের প্রযোজনায় ‘সুরগাঁও’ নামের নাটকটি মঞ্চস্থ হবে ৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 02:35 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

বৃহস্পতিবার সকালে গ্লিটজকে খবরটি জানিয়েছেন তিনি।

নাটকটি প্রসঙ্গে মাসুম রেজা গ্লিটজকে বলেন, “এর আগে মহাভারতের আদলে নয়া মিথ একলব্যের কাহিনী নিয়ে নাটক লিখেছিলাম। এবার আসছি মগজ বাস্তবতার গল্প সুরগাঁওয়ের মানুষের গল্প বলতে। সুরগাঁও মানচিত্র বহির্ভূত একটি গ্রাম। সেই গ্রামে আমার মগজে প্রথিত ভাবনার উপস্থাপন করেছি, মূর্ত করেছি বিমূর্ত রূপে।”

নাটকের গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, “সুরগাঁও এক অচিন গাঁ, হয়ত সুঁরগাও নামে কোন গ্রাম আছে। তবে জল-জঙ্গল, জমিনের মানচিত্রনগরে সুরগাঁও নামে কোন লোকালয় আছে কিনা নিশ্চিত নয় কেউ। কল্পনাপ্রবণ মানুষের মগজে এর বাস। এখানে অসামান্য প্রত্নকাল, সদ্য বর্তমান আর সম্ভাবনার সামনের দিন। এই তিন সত্য মিলেমিশে থাকে। সুরগাঁওয়ের বাস্তবতাও পরিলক্ষিত বাস্তবতার ঊর্ধে কোন কোন মানুষের মগজ বাস্তবতার সমান্তরাল।”

সর্বশেষ ২০০০ সালে ‘নিত্যপুরাণ’ নাটকটি নির্দেশনা দিয়েছিলেন মাসুম রেজা। এই নাটকের রচয়িতাও ছিলেন তিনি। সেটিও দেশ নাটক মঞ্চস্থ করে।

মঞ্চে তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হল, নাট্যকেন্দ্রের ‘আরজ চরিতামৃত’, থিয়েটার বেইলী রোড-এর ‘কুহকজাল’, থিয়েটার সেন্টার-এর ‘শামুকবাস’, পদাতিক নাট্যসংসদের ‘জলবালিকা’।

টেলিভিশনেও নাট্যকার হিসেবে প্রশংসিত মাসুম রেজা। ‘ভবের হাট’, ‘রঙের মানুষ’সহ অসংখ্য নাটকের রচয়িতা তিনি।

বর্তমানে তার রচনায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’ আর বাংলাভিশনে প্রচারিত হচ্ছে ‘ছন্নছাড়া’।