মঞ্চে আসছে শাহাদুজ্জামানের ‘ক্রাচের কর্নেল’
বিজয়ের মাসে মঞ্চে আসছে কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’। পয়লা ডিসেম্বর রাজধানীর মহিলা সমিতিতে অনুষ্ঠিতব্য ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
কর্নেল তাহের-এর জীবনভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্নেল’-এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। রোববার সন্ধ্যায় মহিলা সমিতির মঞ্চে নাটকটির কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
উপন্যাসটির মঞ্চায়ন প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার স্মরণ করলেন কর্নেল তাহেরকে।
সোমবার সন্ধ্যায় তিনি গ্লিটজকে বলেন, “আসলে আমরা যে সময়টায় বসবাস করছি সেখানে আমাদের কোন হিরো নেই। সত্যে অবিচল, মৃত্যুকে যারা ভয় করেনা এমন নায়ক নেই। আমরা চে গেভারাকে খুঁজি, ফিদেল কাস্ত্রোকে খুঁজি। কিন্তু আমাদের তো বঙ্গবন্ধু ছিলেন!”
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর মত নির্ভীক ও সত্যবাদী রাজনীতিক এই দেশের মানুষ আর কোনদিন পাবে না। তাহেরও তেমনি এক নির্ভীক মানুষ। পৃথিবীর সব বিপ্লবীদের মত তাহের আমাদের দিক্ষা দেন নির্ভীক হবার, সত্য বলার।”
নাটকটি সম্পর্কে তিনি বলেন, “আমরা যখন উপন্যাসটি পড়ি তখন এ বিষয়গুলো উপলব্ধি করি। তৎকালীন সময়ের প্রেক্ষিতে অরাজনৈতিক পরিবেশের বিরুপ প্রভাবও আমরা তুলে ধরতে চেয়েছি নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে। সবমিলে ‘ক্রাচের কর্নেল’ নতুন ভাবনা, নতুন বিতর্ক সৃষ্টি করবে এবং তা খণ্ডন করবে পরবর্তী প্রজন্ম- এই আশাই আমাদের নাটকটি মঞ্চায়নের দূরহ পথ পাড়ি দিতে অনুপ্রেরণা যুগিয়েছে।”
এদিকে ‘ধরিত্রী ও মানব হত্যার বিরুদ্ধে- মুক্তির উৎসবে’ স্লোগানকে সামনে রেখে নাট্যদল বটতলা দু’বছর পর আয়োজন করতে যাচ্ছে ২০১৫-১৬ সালের নতুন নাটকের এ উৎসব। পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবে ‘ক্রাচের কর্নেল’ ছাড়াও মঞ্চায়িত হবে চলতি বছর মঞ্চে আসা বিভিন্ন নাট্যদলের নতুন প্রযোজনা। উৎসবে বাংলাদেশের ৭টি ও বিদেশের ৩টি দল তাদের নাটক পরিবেশন করবে।
ছবি: বটতলার সৌজন্যে
