২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রজন্মের প্রেমের বৈপরীত্য নিয়ে  ‘হলুদ খামে নীল বৃষ্টি’

দুই প্রজন্মের দুই প্রেমিক যুগলের মধ্যে প্রিয়জনের জন্য প্রতিক্ষার ধর্ণ, সম্পর্কের টানাপোড়েন ও প্রেমের সর্ম্পকের বিচ্ছেদের গল্পকে উপজীব্য করে র্নিমিত হয়েছে নাটক ‘হলুদ খামে নীল বৃষ্টি’। ভালোবাসার গল্প র্নিভর এই নাটক র্নিমাণ করেছেন পরিচালকদ্বয় বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 04:30 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

নাটকটিতে রাহা নামের এই প্রজন্মের এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন শবনম ফারিয়া। তিনি বললেন, ভিন্ন স্বাদের গল্পের কারণেই নাকি অনেক প্রস্তাবের ভীড়ে এই নাটককে বেছে নেওয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, “নাটকের গল্পটা খুবই সুন্দর। এখন যে ধরনের নাটক নির্মীত হচ্ছে, সেক্ষেত্রে সত্যি বলতে গেলে, ঘুরে ফিরে প্রায় সব গল্পই এক ধরনের হয়। কিন্তু এই নাটকের গল্পটা একবারেই অন্যরকম। দর্শকরা নাটকটি দেখার পরে উপলদ্ধি করতে পারবেন।”

নাটকের গল্প ভিন্নধর্মী হলেও, ফারিয়াকে পাওয়া যাবে তার চিরচেনা বেশেই।

নাটকে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, “নাটকে আমাকে আলাদাভাবে কোন নতুন অবতারে দেখা যাবে না। আমি সাধারণত যে ধরনের অভিনয় করে থাকি, আমাকে সেরূপেই দর্শকরা দেখতে পারবেন। খুবই সাধারন একজন মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। তবে আমি আবারও বলছি নাটকের গল্পটা একেবারেই ভিন্ন, যেমন গল্পে আমাকে আগে কখনো দেখা যায়নি।”

নাটকটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন আবদুল্লাহ মাহাফুজ অভি।

এদিকে দুই প্রজন্মের প্রেমের ধরণ নিয়ে তৈরি এই নাটক এখনকার সময়ে খুবই প্রাসঙ্গিক বলে মনে করেন র্নিমাতা প্রীতি দত্ত।

তিনি বলেন, “একটা সময় ছিলো যখন প্রেমের সর্ম্পকের ভিত্তি ছিল একে অপরের আস্থা। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো সহজলভ্য হলেও সম্পর্কের স্থায়িত্বের ক্ষেত্রে আস্থার জায়গাটা খুবই ঠুনকো। অথচ আগে যোগাযোগের ক্ষেত্রে এখনকার মতো এতো সুবিধা না থাকা সত্বেও সেই সময়ে সম্পর্কের গভীরতা অনেক বেশি ছিলো। এই বৈপরিত্য নিয়েই তৈরি হয়েছে ‘হলুদ খামে নীল বৃষ্টি’। আমি মনে করি এখনকার প্রজন্মের কাছে এই নাটকের বক্তব্য পৌঁছানোটা খুবই জরুরী।”

নাটকটিতে শবনম ফারিয়া ছাড়া অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, মাজনুন মিজান, তানভীর, খালেদ আনন্দ প্রমুখ।

রাজধানীর উত্তরা, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই নাটকটি একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত হবে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন প্রীতি।