২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পূর্তিতে মঞ্চে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’

সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটক মঞ্চায়নের ৪০ বছর পূর্তি হল শুক্রবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 02:02 AM

Updated : 11 Oct 2022, 09:22 PM

থিয়েটারের আয়োজনে সন্ধ্যা ৭টায় বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।

১৯৭৬ সালের ২৫ নভেম্বর থেকে এই ৪০ বছরে নাটকটির সব মঞ্চায়নে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার।

তিনি বলেন, “আমি আজকের দিনে স্মরণ করছি শহীদ মুনির চৌধুরীকে, যার হাত ধরে আমার নাটকে আসা। আর তারপর আমাকে এগিয়ে নিয়ে গেছেন আবদুল্লাহ আল মামুন। এদের দুইজনকে যদি আমি কখনো কোনো দিন ভুলে যাই, তবে এর চেয়ে বড় অধর্ম আর হবে না। আমি যে পরিবার থেকে এসেছি, সেখানে নাটকের কোনো চিহ্ন ছিল না।

“মামুন আমাকে শিখিয়েছেন, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে। সকল বলয় ভেদ করে আমার আজকের এই হয়ে ওঠার গল্প মামুনেরই লেখা।”

নাটকটি মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাটকের প্রযোজনা উপদেষ্টা রামেন্দু মজুমদার।

তিনি বলেন, “বাংলাদেশে প্রথম এই নাটকটির ৫০তম প্রদর্শনী হয় এক বছরের মধ্যেই। এখন হল সংকটের কারণে বছরে ৩০টির বেশি প্রদর্শনী আমরা করতে পারি না। কিন্তু তখন হত। শ্রদ্ধাভরে স্মরণ করছি নাটকের রচয়িতা এবং নির্দেশককে, যারা এত সাড়া ফেলতে পেরেছিলেন।”

রামেন্দু মজুমদার জানান, এ পর্যন্ত নাটকটিতে মোট ৮১জন অভিনয় করেছেন, যাদেরনয়জন প্রয়াত।

নাটকটির সব মঞ্চায়নে অভিনয় করার জন্য ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা ও সমর দেবকে স্মারক দেওয়া হয়। এছাড়া সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক এবং আবদুল্লাহ আল মামুনের মেয়ে দিবা নার্গিসকেও দেওয়া হয় সম্মাননা।

অভিনেতা তারিক আনাম খান বলেন, “শামসুল হকের সাথে অনেক অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছি। তিনি একবার বলেছিলেন, পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি সফোক্লিসের ইডিপাসের গঠন অনুসারে লেখা।

“অবাক হয়ে ভেবেছিলাম কীভাবে সম্ভব! আসলে হক ভাইয়ের পক্ষেই এটা সম্ভব ছিল। শ্রদ্ধা আর ভালবাসা নিয়ে স্মরণ করছি তাকে।”

দ্বিতীয় সৈয়দ হক বলেন, “বাবার নাটক তখনকার প্রেক্ষাপটে লেখা হলেও, নাটকের অন্তর্নিহিত বক্তব্য কিন্তু এখনকার সমাজের জন্যও প্রযোজ্য। আমরা আশা করব পরবর্তী প্রজন্মও নাটকটি মনে রাখবে।”

শুক্রবারের প্রদর্শনীতে ফেরদৌসী মজুমদারসহ আরও অভিনয় করেছেন কেরামত মওলা, সমর দেব, তোফা হোসেন ও ত্রপা মজুমদার।