প্রথম প্রেমের কাছে মামুনের প্রত্যাবর্তন
কুমার বিশ্বজিৎ, নকীব খান, তপন চৌধুরীর মতো শিল্পীরা তার গানের হাত ধরেই পেয়েছেন জনপ্রিয়তার স্বাদ। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’-এর মতো শ্রোতাপ্রিয় ও কালোত্তীর্ণ গানগুলো তারই লেখা। সেই আবদুল্লাহ আল-মামুন এবার প্রকাশ করলেন তার প্রথম অ্যালবাম ‘তোমার জন্য’। ইতিহাস সৃষ্টি করা এই গানগুলো তৈরীর পেছনের গল্প এবং গানের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়েই এই রচনা।
স্বাধীনতার কয়েক বছর পরের ঘটনা। কৈশরোত্তীর্ণ এক যুবকের মনে নানা রঙের বাস। হঠাৎ একটি মেয়ে সেই যুবকের মনের আকাশে শুকতারা হয়ে ভেসে উঠে। আনমনেই গভীর এক আবেগ তৈরি হয় ছেলেটির। কল্পনায় মুড়িয়ে ভিন্ন আবেগে মেয়েটিকে সাজাতে থাকে। অনুভবে একটি কাঠামোয় চলে আসে সেই শুকতারা।
১৯৭৭ সালের ১৩ ফেব্রুয়ারি যুবকটির সেই আবেগ রূপ নেয় একটি কবিতায়। ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ কথায় বন্দি হয় সেই মুগ্ধতা। নকীব উদ্দিন খানে সুরের ছোঁয়ায় কবিতাটি হয়ে যায় গান। কুমার বিশ্বজিতের কণ্ঠে গানটি পৌঁছে যায় গানপ্রিয় শ্রোতার কাছে। তারপর সব ইতিহাস। সেই কবিতা সৃষ্টিকারী যুবকটি আবদুল্লাহ্-আল-মামুন।
গীতিকার হিসেবে গানটির মাধ্যমে নতুন করে ভাবনা তৈরি হতে থাকে তার। সমুদ্রপ্রিয় মামুনের শৈশবের স্মৃতিগুলো একে একে গানের খাতায় উঠে আসে। একই বছরে ২৪ অগাস্ট সৃষ্টি হয় আরেক ইতিহাস- ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’। আবারও বন্ধু নকীব উদ্দিন খানের সুরে তপন চৌধুরীর কণ্ঠে গানটি শ্রোতাদের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। নকীব খানের কণ্ঠে ‘ছোট্ট বেলার সাথী’ গানটিও তার লেখা। গীতিকবি হিসেবে পরিচিতির সঙ্গে জনপ্রিয়তাও সঙ্গী হয় মামুনের।
কবিতাপ্রেমী যুবক মামুন লিখতে থাকেন গান ও কবিতা। বিটিভিতে প্রচারিত সেই গানটির মাধ্যমে কুমার বিশ্বজিতের কণ্ঠে প্রতিভার বিস্ফোরণ ঘটে।তারপর গান কিংবা কবিতার আবদুল্লাহ-আল-মামুন, তপন চৌধুরী, নকীবখান , নাসিম আলী খান , আইয়ুব বাচ্চু, কিংবা কুমার বিশ্বজিতদের মতো শিল্পীরা চট্টগ্রামের সেই সময়কার সংস্কৃতিমনাদের কাছে তারুণ্যের শক্তি হিসেবে প্রেরণা হয়ে উঠেন। চট্টগ্রামের সেই সময়ের উর্বর সঙ্গীতাঙ্গন থেকে উঠে আসা রবি চৌধুরী, পার্থ বড়ুয়াদের মতো অনেকেই এখন সঙ্গীতাঙ্গনের অবিচ্ছেদ্য অংশ।
এরপর প্রকৌশলে শিক্ষা সমাপন করে কর্মজীবনে চলে যান মামুন। দেশ থেকে দেশান্তরে। বিভিন্ন দেশ ঘুরে অস্ট্রেলিয়ার সিডনিতে আবাস তার। কিন্তু গানের সঙ্গে সখ্যতা ছিলো সব সময়ের মতোই।
‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ ছিল মূলত একটি কবিতা; পরে নকীব খানের সুরে গান হয়ে ওঠে এটি
‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’ গানের কথা নকীব খানের ডায়েরি থেকে
ছোটবেলায় বড়ভাই বদিউল আলমের কাছে গান শিখেছেন, গেয়েছেন। কণ্ঠশিল্পী হিসেবে প্রবাসে কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রশংসিত হয়েছেন। এবার আনুষ্ঠানিকভাবে কণ্ঠশিল্পী হিসেবে অভিষিক্ত হচ্ছেন মামুন। ২৫ নভেম্বর বিকালে ঢাকার বেইলি রোডের এক ক্যাফেতে তার প্রথম একক গানের অ্যালবাম ‘তোমার জন্য’ প্রকাশ হয়েছে।
এ অ্যালবামে গান রয়েছে ৮টি। গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, মোহাম্মদ রফিকুজ্জামান, বাকীউল আলম, মেজর শওকত ও এ কে এম আতিকুর রহমান। সুর করেছেন আলী হোসেন, শেখ সাদী খান, আলম খান, লাকী আখান্দ ও অনুপ ভট্টচার্য।
নিজের নতুন অ্যালবাম সম্পর্কে আবদুল্লাহ-আল-মামুন বলেন, “আমার প্রথম প্রেম মূলত কণ্ঠের সঙ্গে। সেই টানেই ছোটবেলায় বড় ভাইয়ের কাছে গান শিখেছি। কিন্তু একটি কবিতা আমাকে নতুন আরেকটি ভালোলাগায় বন্দি করে ফেলে। তাই গান লিখেছি, কবিতা লিখেছি। তবে কণ্ঠশিল্পী হিসেবে কিছু কাজ করার ইচ্ছে মরেনি। সেই শক্তিতেই আমার প্রথম একক গানের অ্যালবাম প্রকাশ করেছি। শ্রোতারা গানগুলো শুনলেই আমার চেষ্টা সফল হবে।”
প্রথম প্রেমের কাছে মামুনের প্রত্যাবর্তন সুখ আর আনন্দের অভিজ্ঞান হয়ে থাকুক।
ছবি: নজরুল ইসলাম নীরব
