২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনের একটি অধ্যায়- অজ্ঞাতনামা’

অভিনয়, নির্দেশনা, লেখালেখি, নির্মাণ- এই শব্দগুলোর সঙ্গে জড়িয়ে আছেন তিনি। টেলিভিশনে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। মঞ্চেও অভিনয় ও নির্দেশনায় দেখিয়েছেন মুনশিয়ানা। চলচ্চিত্র নির্মাণ করবেন বলে দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছিলেন। তার নির্মিত চলচ্চিত্র আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত। যে ক্ষেত্রেই হাত দিয়েছেন ফলেছে সোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য এই শিল্পঅভিযাত্রার গল্পই তৌকীর আহমেদের বয়ানে তুলে এনেছেন সোহেল আহসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 10:37 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

গ্লিটজ: সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখে আসলেন। কেমন লাগল উৎসবটি?

তৌকীর আহমেদ : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অত্যন্ত  প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ন একটি উৎসব। কলকাতার উৎসবে এবার তৃতীয়বারের মতো  ছবি প্রদর্শন করলাম। এর আগে ‘জয়যাত্রা’ এবং রূপকথার গল্পও সেখানে প্রদর্শিত হয়েছিল। দর্শক সংখ্যাও বিশাল। বাংলা ভাষাভাষী এই দর্শকের সামনে বাংলাদেশের ছবি সবসময়ই বিশেষ মনোযোগ আকর্ষণ করে।

গ্লিটজ: উল্লেখ করার মতো কোনো অভিজ্ঞতা হয়েছে কি আপনার ?

তৌকীর আহমেদ: পুরো অভিজ্ঞতাই চমৎকার। ৬৫  দেশের সেরা এবং সাম্প্রতিক ছবিগুলোর সঙ্গে অজ্ঞাতনামার প্রদর্শনী উৎসাহব্যাঞ্জক। অনেক বড় মাপের পরিচালকদের ছবি ছিল এবারের উৎসবে। ছবিগুলি দেখার পাশাপাশি পরিচালক, অভিনেতা, সাংবাদিক এবং চলচ্চিত্রব্যক্তিত্বদের সঙ্গে পরিচয়, মত বিনিময়, তাদের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের একটি ধারণা উপস্থাপন- সবটাই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার কাছে।

গ্লিটজ: আপনার পরিচালিত সিনেমাটি নিয়ে সাধারন দর্শক কিংবা সিনেমা সমালোচকদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি?

তৌকীর আহমেদ: রবীন্দ্রসদনে প্রায় বারোশত দর্শকের মুহুর্মুহু করতালি, হাসি, নিরবতা সবমিলিয়ে এটি একটি বিরল অভিজ্ঞতা। প্রদর্শনী শেষে শতাধিক দর্শকের উষ্ণ ভালোবাসা বাংলাদেশের ছবির জন্য অবশ্যই একটি আনন্দের বিষয়।

গ্লিটজ: বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব থেকে এরইমধ্যে একাধিকবার পুরস্কৃত হয়েছে ছবিটি। এ পুরস্কার প্রাপ্তি আপনার মনস্তত্ত্বে কেমন প্রতিক্রিয়া তৈরি করছে?

তৌকীর আহমেদ: ‘অজ্ঞাতনামা’ এরইমধ্যে ৬টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এছাড়াও অফিসিয়াল সিলেকশন পেয়েছে আরও কয়েকটি উৎসবে। পুরস্কারপ্রাপ্তির আনন্দ ও অনুপ্রেরণার থেকে কিন্তু আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়া।

গ্লিটজ : ছবিটি নির্মাণে কোনো প্রতিবন্ধকতার সন্মুখীন হয়েছিলেন কি?

তৌকীর আহমেদ: এ ধরণের চলচ্চিত্র নির্মানের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বাজেট। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিকূলতা তৈরী হয়। সময় থেকে শুরু করে আয়োজন, শুটিং কিংবা পোস্টপ্রোডাকশন-সব ক্ষেত্রেই চুলচেরা হিসেব করে এগুতে হয়। যা সৃজনশীলতাকে বাধাগ্রস্তকরে নিঃসন্দেহে। সর্বোপরি কখনো কখনো সেই সীমাবদ্ধতা উঁকি দেয় চলচ্চিত্রের পর্দায়।

গ্লিটজ: ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের সম্পর্কে কিছু বলুন।

তৌকীর আহমেদ: এ দেশের প্রথম সারির অভিনয়শিল্পীরাই ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন। ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, নিপুণ, শাহেদ আলী সবাই এ দেশের মঞ্চ ও টেলিভিশনে প্রতিভার সাক্ষর রেখে আসছেন অনেকদিন ধরে। আমি তাদের দক্ষতাকে ব্যবহার করতে চেয়েছি সিনেমাটির চরিত্রগুলি ফুটিয়ে তোলার জন্য এবং সেই কাজটি তারা সুন্দরভাবে করেছেন।

গ্লিটজ: সেলিম আল দীন রচিত ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘চাকা’ চলচ্চিত্রটিতেও একটি লাশকেন্দ্রিক গল্প রয়েছে, যার কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায় না। তার কোনো প্রেরণা কি অজ্ঞাতনামায় রয়েছে?

তৌকীর আহমেদ: ‘অজ্ঞাতনামা’র বিষয়বস্তু মানুষের পরিচয় ও সম্মান। প্রবাসী শ্রমিকদের কষ্টকর জীবনের একটি অধ্যায় নিয়েই অজ্ঞাতনামার গল্প বিস্তৃত। তাদের প্রতি অবহেলা এবং তাদের অসহায়ত্ব এখানে বিধৃত হয়েছে। গল্পটি বিস্তার লাভ করেছে একটি মৃত্যুকে কেন্দ্র করে। শুধুমাত্রএকটি লাশ বহন করার চিত্রেই মিল পাওয়া যেতে পারে। অবজেকটিভ এবং ট্রিটমেন্টে ‘অজ্ঞাতনামা’ এবং ‘চাকা’ দুটি সম্পূর্ণ ভিন্ন সৃষ্টি। গল্পের প্রয়োজনেই ‘অজ্ঞাতনামা’য় লাশ বহন করতে হয়েছে। কোনো অনুপ্রেরণা নয়। আর বোধের ক্ষেত্রে যা মিল তা সর্বজনীন এবং ইউনিভার্সাল।

গ্লিটজ: আপনার নির্মাণে প্রবাসীদের গল্প প্রাধান্য পায়। এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি?

তৌকীর আহমেদ : প্রবাসী জনগোষ্ঠীকে আমার সবসময়ই খুব সাহসী মনে হয়। ভাগ্য অন্বেষণে তারা পাড়ি দেয় ভিনদেশে। আত্মীয়-পরিজন ত্যাগ করে বিদেশ বিভূঁইয়ে সংগ্রামে লিপ্ত হয় তারা। বরণ করে নেয় ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা। কিন্তু মনের গভীরে রয়ে যায় একটি বেদনা দেশেরজন্য, দেশের মানুষের জন্য। তাদের পাঠানো টাকায় দেশের বৈদেশিক মুদ্রায় রিজার্ভ বাড়ে কিন্তু তার কষ্টের খোঁজ আমরা প্রায়ই রাখি না। তাদের প্রতি দেশের দায়িত্ব আছে। আমরা যদি তাদের প্রতি আর একটু মনোযোগী, আর একটু যত্নশীল হই তাহলে প্রবাসে তাদের জীবন হতে পারে আরএকটু নিরাপদ, আর একটু স্বস্তির। সহজ করতে হবে তাদের বিদেশগমনের জটিল প্রক্রিয়া, নিশ্চিত করতে হবে তার স্বার্থ-সংরক্ষণ, জীবনযাত্রা ও মানবাধিকার। কারণ তারা আমাদেরই ভাই, আমাদেরই মানুষ, এখানে আমাদের জাতীয় সম্মানের বিষয়টিও জড়িত।

গ্লিটজ: আপনার পরবর্তী ছবির বিষয়বস্তু হিসেবে একটি নদীকে বেছে নিলেন কেন?

তৌকীর আহমেদ : হালদা নদীর বৈশিষ্ট এবং নিপীড়নের বিষয়টি আমাকে ভাবিয়েছে। একটি অনন্য সাধারণ নদী, একটি প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র। শুধুমাত্র মনুষ্যসৃষ্ট কারণে আজ হালদা বিপন্ন। রাসায়নিক বর্জ্য নদী দখল, বালু উত্তোলন, অপরিকল্পিত নদী শাসন আজ হালদাকে বিপন্নকরে। অথচ হালদা বাংলাদেশের মৎস সম্পদ শুধু নয়, চট্টগ্রামের সুপেয় পানির উৎস। নদীমাতৃক বাংলাদেশে নদী না বাঁচলে প্রকৃতি বাঁচবে না। বিপর্যস্ত হবে জীবন।

গ্লিটজ : গুণগতমান নাকি জনপ্রিয়তা-কোনটিকে প্রাধান্য দেয়া উচিৎ ?

তৌকীর আহমেদ : গুনগত মান-ই আমার কাছে গুরুত্বপূর্ণ। গুনগতমান ঠিক থাকলে সেটি দর্শক আনুকূল্য পাবেই। হয়ত কখনও একটু দেরি হতে পারে।

গ্লিটজ: আমাদের দেশে একজন নির্মাতাকে কাজ করতে গেলে কীরকম  সীমাবদ্ধতা মোকাবেলা করতে হয়?

তৌকীর আহমেদ: আর্থিক সীমাবদ্ধতাটা একটা বড় অন্তরায়। সেই সঙ্গে কারিগরি দক্ষতা ও অদক্ষ জনবলও বড় সমস্যা। এতো বছরেও আমাদের ফিল্ম ইনস্টিটিউট বা অভিনয় স্কুল গড়ে উঠেনি সেভাবে। সুতরাং পরিচালককে প্রায়শই নিঃসঙ্গ যুদ্ধ করতে হয়। ডিস্ট্রিবিউশন ও প্রমোশনও একটি বড় অন্তরায়। ভাল কাজও দর্শকের কাছে পৌঁছাতে পারে না বেশিরভাগ সময়।

গ্লিটজ: অভিনয়ে খুব বেশি দেখা যাচ্ছে না আপনাকে। নির্মাণের কাজের জন্যই কি এমন হচ্ছে?

তৌকীর আহমেদ: অন্য নির্মাতাদের উপর নির্ভর করে বিষয়টি। তারা হয়তো আমার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তাছাড়া সাম্প্রতিক সময়ে মিডিয়াতেও স্থবিরতা দেখা গিয়েছে নানা অনিয়মের কারণে। অভিজ্ঞ নির্মাতা ও অভিনেতাদের চাইতে কাজ না জানা লোকের ভিড় লক্ষনীয়।

গ্লিটজ: এখন দর্শক বাংলাদেশী নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এটা কেন হচ্ছে কিংবা এ থেকে উত্তরণের জন্য কি করা যেতে পারে?

তৌকীর আহমেদ: মিডিয়ায় অনিয়মই এজন্যে দায়ী। টেলিভিশন চ্যানেলগুলোর এজেন্সি নির্ভরতা মূল নাট্যকর্মীদের নিস্ক্রিয় করেছে। ভালো অভিনেতা, ভালো নাট্যকার ও নির্মাতাদের চাইতে সস্তা, অনভিজ্ঞ কর্মীরা প্রাধান্য পাচ্ছে। নেই কোনো মাননিয়ন্ত্রন বা দায়বদ্ধতা। এ ব্যাপারেসুষ্ঠ নীতিমালা ও শৃঙ্খলা দ্রুত দরকার। না হলে অবস্থা আরও খারাপ হবে।

গ্লিটজ: মঞ্চেও তৌকীর আহমেদ একজন মেধাবী অভিনেতা ও নির্দেশক। অনেকদিন ধরেই তিনি সেখানে অনুপস্থিত। এর কারণ কী?

তৌকীর আহমেদ: আমি যেহেতু বিভিন্ন মাধ্যম ও ধরণের কাজ করি, তাই সময়ের স্বল্পতা একটি কারণ। গত বছর বটতলার সঙ্গে যমুনা নাটকটিতে অভিনয় করেছি। সামনে ইচ্ছে আছে সুযোগ সুবিধামত মঞ্চেও কাজ করার।

গ্লিটজ: মঞ্চনাটক নিয়ে সামনে কোনো পরিকল্পনা আছে কি?

তৌকীর আহমেদ: একটি মঞ্চ নাটকের পাণ্ডুলিপির পরিকল্পনা করছি, সামনে সেই রচনার কাজটি করব। পরে পরিচালনার ইচ্ছে আছে।

গ্লিটজ: নাট্যকার ও লেখক তৌকীর আহমেদের সাম্প্রতিক ভাবনা  কী ?

তৌকীর আহমেদ: বর্তমানে চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে কিছু কাজ চলছে। সামনে সেগুলি নির্মাণ করব। চলচ্চিত্রই বর্তমানে আমার মূল ব্যস্ততা।   

ছবি : রেজা হাসান