গাঁজা সেবন করে গ্রেপ্তার হলো ম্যাডোনার ছেলে
মা পৃথিবীর অন্যতম সেরা পপ গায়িকা, বিশ্বজোড়া তার খ্যাতি। কিন্তু ছেলে রকো রিচি কিন্তু ভুল কারণেই খবরের শিরোনাম হলেন। মাদক সেবনের সময় ম্যাডোনা ও গাই রিচি দম্পতির ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেইলি মেইল জানায়, ১৬ বছর বয়সী রকোকে উত্তর লন্ডনের প্রিমরোজ হিল থেকে ধরে নিয়ে যায় স্থানীয় পুলিশ। ওই সময় সে গাঁজা সেবন করছিল বলেই অভিযোগ উঠেছে।
সূত্র বলছে, “রকো ওই এলাকায় খুবই চেনা মুখ ছিলেন। সেটা অবশ্য ভালো কারণে নয়! মাঝে মাঝে তাকে সন্দেহজনক অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনা সেটার সর্বশেষ উদাহরণ ছিল। স্থানীয় মানুষজন তার ব্যবহারে বিরক্ত হয়ে গিয়ে পুলিশ ডেকেছিল।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, রকো তার বন্ধুদের নিয়ে দেয়ালের ওপর বসে ছিল। তখনই পুলিশ এসে তার কাপড়ে গাঁজার অংশবিশেষ পেয়ে তাকে গ্রেপ্তার করে। তবে বয়স কম হওয়ায় হয়তো তার বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেয়া হবে না। কিন্তু বেশ কিছু সংশোধনী কার্যক্রমে অংশ নিতে হবে তাকে।
