২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দি সিনেমায় আপত্তি নেই ফ্রিদার

সেই ‘স্লামডগ মিলিওনিয়ার’ দিয়ে পা রেখেছিলেন সিনেমা জগতে। ভারতীয় বংশোদ্ভূত ফ্রিদা পিন্টো এরপর হিন্দি কোনো সিনেমাতে কাজই করেননি। সবাই ধরেই নিয়েছিলেন ফ্রিদা শুধু হলিউডেই কাজ করবেন। তবে এবার তিনি জানালেন, হিন্দি সিনেমায় কাজ করতে তার আপত্তি নেই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 03:50 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

গুগল আয়োজিত ‘ওমেন ইন ইন্ডিয়াঃ আনহার্ড স্টোরি’ নামের এক ভার্চুয়াল প্রদর্শনীতে এসে বলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ফ্রিদা।

তিনি বলেন, “হিন্দি ভাষায় সিনেমা করতে আমার কোনো সমস্যাই নেই। আমি তো আধা মাড়ওয়ারি সিনেমা ‘তৃষ্ণা’তে কাজ করেছি, যেখানে আমি ওই ভাষা বলতেই পারতাম না! আমাকে ওটা শিখতে হয়েছিল।”

তবে কাজের জন্য সিনেমার গল্পটা ভালো হওয়া চাই ফ্রিদার, “সিনেমায় কে আছে সেটা মুখ্য না। গল্পটাই মুখ্য ব্যাপার।”

আগামী বছর ফ্রিদা অভিনীত ‘লাভ সোনিয়া’ সিনেমা মুক্তি পাবে। পরিচালনায় আছেন তাব্রেজ নুরানি। এখানে আরও থাকবেন অনুপম খের এবং আদিল হোসেন। সিনেমাটির গল্প ভারতের এক গ্রাম্য তরুণীর যে আন্তর্জাতিক পাচারকারীদের হাতে পড়ে।