‘ব্লু ভেনামে’ বুঁদ এক সন্ধ্যা
হালকা কুয়াশাঘেরা সন্ধ্যা; বাংলা একাডেমির প্রাঙ্গনে ষষ্ঠবারের মতো বসেছে সাহিত্যপ্রেমীদের আসর। সেই আসরের অন্যতম আকর্ষণ হয়ে গত পাঁচ বছরে যিনি ছিলেন, সেই সব্যসাচী কথাশিল্পী সৈয়দ শামসুল হক এবার শুধুই স্মৃতি। আর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ঢাকা লিট ফেস্ট-এর প্রথম দিনেই আয়োজন করা হয়েছিল তার উপন্যাস অবলম্বনে তৈরী মঞ্চপাঠ ‘ব্লু ভেনাম’-এর প্রথম প্রদর্শনীর।
মঞ্চে, বড়পর্দার রূপালি জাদুতে, ছোটপর্দার সংক্ষিপ্ত পরিসরে, এমনকী গানের কথাতেও সৈয়দ হকের সৃষ্টি বারবার ফিরে এসেছে অনুপ্রেরণার আরেক নাম হয়ে। তারই সর্বশেষ সংযোজন এই ‘ব্লু ভেনাম’; প্রয়াত সাহিত্যিকের নন্দিত উপন্যাস ‘নীল দংশন’ যার উৎস।
নতুন এই মঞ্চপাঠের অনন্য দিকটি হলো, এর নির্দেশক এবং অভিনেতা যুগল- সবাই বয়সে অনেক তরুণ। বাংলা সাহিত্য নির্ভর কাজ তরুণেরা এর আগে যে করেননি, এমনটা নয়। তবে, গত কয়েক বছরের মধ্যে শামসুল হকের লেখনিকে দৃশ্যকাব্যে রূপান্তরের প্রয়াস নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে এই প্রথম দেখা গেল। পরিচালক নায়লা আজাদ নূপুর তাই আলাদা করে ধন্যবাদ পেতেই পারেন।
‘নীল দংশন’ উপন্যাস যারা পড়েছেন, তাদের কাছে দুই অভিনেতা আরেফ সৈয়দ এবং আরিক আনাম খান-এর পরিবেশনায় ‘ব্লু ভেনাম’ মঞ্চপাঠটি দুর্বোধ্য মনে হতেই পারতো; যেহেতু মূল গল্পের অনেক কিছুই মঞ্চপাঠের ৪৫ মিনিটের সময়কালে উঠে আসেনি। কিন্তু বাহবা পাওয়ার জায়গাটা এখানেই যে মূল সুর থেকে একবারও না সরে সৈয়দ শামসুল হকেরই স্বভাবসিদ্ধ কথকতায় এগিয়ে গেছে পরিবেশনাটি।
ভুল এই নজরুলের কাছ থেকেই পাকসেনা দাবি করে নতুন এক কবিতার; মুক্তিকামী বাঙালির বিদ্রোহী মনোভাবকে গুঁড়িয়ে যে কবিতা সূচনা করবে পাকিস্তানি ভাবাদের্শর।
এই চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আরেফ সৈয়দ। নিরীহ এবং কিঞ্চৎ বোকাসোকা পরিবার অন্তপ্রাণ এই লোকটির জীবন চমৎকারভাবে তুলে এনেছেন ‘অনীল বাগচীর একদিন’ খ্যাত এই অভিনেতা। বিশেষ করে ইংরেজি অনুবাদের এই মঞ্চপাঠে আরেফের উচ্চারণে ভেতো বাঙালির আঞ্চলিকতার ছাপ উঠে এসেছে পুরোদমেই। আরেফ নিজে যে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এবং যুক্তরাষ্ট্রে অনেকটা দিন কাটিয়ে আসা নাট্যকর্মী- এটা জানা না থাকলে বিশ্বাস করা কঠিন এই বাঙাল উচ্চারণে ইংরেজি বলার কসরৎ করতে নিজেকে কতোটা ভেঙেছেন তিনি!
একই প্রয়াস দেখা গেছে পাকিস্তানি সেনা কর্মকর্তার চরিত্ররূপদানকারী আরিক আনাম খান-এর অভিনয়েও। নজরুল যখন ‘বশির সাহেব’ বলছে, পাকিস্তানি সেনাটির মুখে তা শোনাচ্ছে ‘বাশির সাব’! তার ইংরেজিও নজরুলের তুলনায় অনেক চোস্ত; গলায় সেনাসুলভ কর্তৃত্বও স্বার্থকভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
যেকোনো মঞ্চপাঠে, চিত্রনাট্য হাতে নিয়ে সংলাপ আওড়ানোর ব্যপারে ঝুঁকি একটা থেকেই যায়। আর তা হলো, নাটকটিকে আবৃত্তির মতো শোনানোর ভয়। তবে আরেফ এবং আরিফ এই প্রক্রিয়াটি এতোটাই মুন্সিয়ানার সঙ্গে পার করলেন যে, দর্শক গোটা সময়টা বুঁদ হয়ে থাকলেন নাটকের গল্পেই; একবারের জন্যও সেখানে চোখ আটকায়নি এই দুই অভিনেতার হাতে থাকা কাগজের দিকে।
তবে তারপরও যুদ্ধকালের আবহ তৈরিতে ভালোভাবেই উৎরে গেছে ‘ব্লু ভেনাম’; যুদ্ধের সময় যাদের হয়তো জন্মও হয়নি, সেরকম দুই অভিনেতা আর নির্দেশকের হাত দিয়ে এমন এক পরিবেশনা হিসেবে ‘ব্লু ভেনাম’ এলো, যা যুদ্ধকালীন এবং যুদ্ধোত্তর- দুই প্রজন্মকেই নাড়া দিয়েছৈ সঠিকভাবেই। এটাই বা কম কীসে!
