২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থায়নের সংকটই এখন মূল সমস্যা’

অর্থের অভাবে থেমে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা তানভীর মোকাম্মেল-এর নতুন প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’র কাজ। দুইঘন্টা ব্যাপ্তির এ প্রামাণ্যচিত্র নির্মাণের আশিভাগ সমাপ্ত হলেও শেষ অংশের কাজ থমকে গেছে অর্থাভাবে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে গণঅর্থায়নের আহ্বান করেছেন ‘চিত্রা নদীর পারে’ খ্যাত এই নির্মাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 08:26 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

জানা গেছে, সাতচল্লিশের দেশভাগ নিয়ে নির্মাণাধীন এই প্রামাণ্যচিত্রটি তৈরিতে এরমধ্যেই খরচ হয়েছে বারো লাখ টাকা। বাকী কাজ সমাপ্ত করতে আরও ছয় লাখ টাকা প্রয়োজন। যেহেতু এধরণের একটি প্রামাণ্যচিত্রের জন্যে কোনো বাণিজ্যিক প্রযোজক পাওয়া সম্ভব নয়, তাই এই ছয় লক্ষ টাকা জনগণের কাছ থেকে গণ-অর্থায়ণের মাধ্যমে সংগ্রহ করতে চান এ নির্মাতা। এ লক্ষ্যে তার প্রস্তাব, অর্থায়নে অংশগ্রহনকারীদের মধ্যে দশ হাজার, পাঁচহাজার, দুইহাজার, একহাজার ও পাঁচশটাকা সমমূল্যের অর্থপ্রদানকারীদের অর্থমূল্য অনুযায়ী প্রামান্যচিত্রের শুরুর টাইটেলে ও স্মরণীকাতে কৃতজ্ঞতার সঙ্গে নাম উল্লেখ করবেন তিনি। অর্থপ্রদানকারীদের দেয়া হবে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ারের একাধিক টিকেটও। 

২০১৭ সালে দেশভাগের ৭০তম বার্ষিকীতে ‘সীমান্তরেখা’ মুক্তির পরিকল্পনা করছেন তানভীর মোকাম্মেল। চলতিবছরই দ্রুত শুটিং শেষ করে ২০১৭ সালের শুরুতেই এটি মুক্তির স্বপ্ন দেখছেন তিনি। এ প্রসঙ্গে গ্লিটজ এর মুখোমুখি হয়েছেন এ নির্মাতা।

গ্লিটজ: দেশ ভাগের এতোদিন পর কেনো এই প্রামাণ্যচিত্র? 

তানভীর মোকাম্মেল: ১৯৪৭-এর বাংলা ভাগ কী সত্যিই অপরিহার্য্য ছিল? অন্য বিকল্প কি কিছু ছিল না? বাংলা ভাগ করে বাঙালি জাতির লাভ হয়েছে না ক্ষতি? দেশ ভাগের সত্তর বছর পর আজ হয়তো এসব প্রশ্ন তোলার সময় এসেছে। এসব বিষয় নিয়েই আমি ‘সীমান্তরেখা’-নামে দুই ঘন্টার এ গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রটি তৈরী করছি।

গ্লিটজ: প্রমাণ্যচিত্রটির নির্মাণ কবে শুরু হয় ?

তানভীর মোকাম্মেল: ‘সীমান্তরেখা’ ছবিটার শুটিং শুরু হয় ২০১৪ সালে। এর আগে অবশ্য প্রায় দেড় বছর আমরা ছবিটার বিষয়বস্তু সাতচল্লিশের দেশ ভাগ নিয়ে গবেষণা করেছি।

গ্লিটজ: বাংলাদেশ ও ভারতের কোথায় কোথায় চিত্রায়িত হয়েছে?

তানভীর মোকাম্মেল: বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, পাবনা, বেনাপোল- এসব জায়গায় শুটিং হয়েছে। ভারতের কলকাতা শহর, বনগাঁসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চল, উদ্বাস্তু শিবিরগুলি, আসাম, ত্রিপুরা, দন্ডকারণ্য, নৈনিতাল ও আন্দামানে ছবিটার শুটিং হয়েছে।

 

গ্লিটজ: কারা থাকছেন প্রমাণ্যচিত্রটিতে?

তানভীর মোকাম্মেল: মূলত সাতচল্লিশের দেশভাগের পর ভারত থেকে যেসব মুসলমান পরিবার বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) এসেছিলেন এবং পূর্ববঙ্গ থেকে যেসব হিন্দু পরিবার ভারতে গিয়েছিলেন এরকম কিছু পরিবার, বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বসবাসকারী উদ্বাস্তু পরিবারের সদস্যরা, ভারত ও বাংলাদেশ উভয় দেশের শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবি- যারা দেশভাগ নিয়ে লিখেছেন বা গবেষণা করেছেন, তারা এই প্রামাণ্যচিত্রটিতে রয়েছেন।

গ্লিটজ: নির্মাণের ক্ষেত্রে কী ধরণের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে? 

তানভীর মোকাম্মেল: ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে এরকম বড় একটা প্রামাণ্যচিত্রের ক্ষেত্রে গবেষণার কাজটা খুব বড় থাকে। আমরা তাই প্রায় দেড় বছর ছবিটার জন্যে গবেষণা করেছি। ফলে ওই সময়সাপেক্ষ ও পরিশ্রমী পর্বটি মিটেছে। বলতে পারেন অর্থায়নের সংকটই এখন মূল সমস্যা। এটা মেটাতে পারলেই ছবিটা আমরা দ্রুত শেষ করতে পারব।

গ্লিটজ: এ যাবৎ প্রামাণ্যচিত্রটির অর্থায়ন কীভাবে হয়েছে ?

তানভীর মোকাম্মেল: এ পর্যন্ত আমাদের নিজস্ব অর্থায়নেই আমরা ছবিটার শুটিংয়ের কাজ করেছি। এই অর্থের অধিকাংশই ঋণ হিসেবে নেওয়া।

গ্লিটজ: ‘জীবনঢুলী’-র পরে নতুন কোনো চলচিত্র নির্মাণের কথা ভাবছেন কি ?

তানভীর মোকাম্মেল: হ্যাঁ। আমাদের ফিল্ম ইউনিটে আমরা তো সব সময় কাজের মধ্যেই থাকি। “জীবনঢুলী”-র পরে আমি “রূপসা নদীর বাঁকে” নামে একটা ছবি তৈরী করব। ছবিটার চিত্রনাট্য লেখা হয়েছে এবং সরকারী অনুদানের জন্যে চিত্রনাট্যটি জমাও দেওয়া হয়েছে। ছবিটার কাহিনী একজন বামপন্থী নেতাকে নিয়ে যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে।

ছবি: নির্মাতার ফেইসবুক থেকে নেওয়া