২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ সিনেমায় শাহরুখ-রানবির

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার রাশিয়ার রূপালি জগতে পা রাখতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা শাহরুথ খান ও রানবির কাপুর। জনপ্রিয় রুশ সিরিজ ‘ভিআই’-এর তৃতীয় কিস্তি ‘ভিআই: জার্নি টু ইন্ডিয়া’তে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 07:51 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিশাল বাজেটের এ সিনেমার জন্য শাহরুখ আর রানবিরকেই বলে মনে করছে ‘ভিআই’ ফ্র্যাঞ্চাইজি।

চার কোটি মার্কিন ডলারের এই সিনেমার সহ-প্রযোজক হিসেবেও প্রস্তাব করা হয়েছে শাহরুখ খানকে। 

সিনেমাটির প্রযোজক আলশাই পেত্রোহিন বলেন, “এ ছবির জন্য আমরা বলিউডকে প্রতিনিধিত্ব করে এমন দু’জন ভারতীয় তারকাকে খুঁজছিলাম। সেই হিসাবে শাহরুখ খান ও রানবির কাপুরকেই আমাদের সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়েছে। এ সিনেমার মাধ্যমে রাশিয়া ও ভারত একে অপরের কাছাকাছি আসতে পারবে বলে আমার বিশ্বাস।” 

‘ভিআই’-এর দ্বিতীয় কিস্তি ‘ভিআই: জার্নি টু চায়না’তেও একইভাবে সেদেশের প্রতিনিধিত্বশীল তারকা জ্যাকি চ্যানকে নেয়া হয়েছিলো। এতে সহ-অভিনেতা হিসেবে ছিলেন আরেক জনপ্রিয় তারকা আর্নল্ড শোয়াজনেগার। ওই সিনেমার সহ-প্রযোজক হিসেবেও ছিলেন জ্যাকি চ্যান।

রহস্য-অভিযান ঘরানার সিনেমাটির মাধ্যমে ভারত-রাশিয়ার যৌথ প্রযোজনার ছবি তৈরির দুয়ার খুলে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টজনেরা। ভারত ও চিনের বিভিন্ন স্থানে চলবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।