২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুস্থ শিল্পীদের পাশে আনিসুল হক

অসুস্থ, বিপন্ন ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃত্যুপথযাত্রী শিল্পীদের সহায়তার লক্ষ্যেএবং একটি মানবিক বন্ধনে আবদ্ধ হওয়ার সংকল্প নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ নামের একটি ট্রাস্টি বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 05:37 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

শুক্রবার বিকালে গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন ট্রাস্টিবোর্ডটির চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

১৯ নভেম্বর বেলা ১২টা ৩০ মিনিটে ঢাকার হোটেল ওয়েস্টিনের বলরুমে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটিতে সাংস্কৃতিক অঙ্গনসহ অন্যান্য অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

এ উদ্যোগ প্রসঙ্গে ড. আনিসুজ্জামান বলেন, “সবেমাত্র ট্রাস্টি বোর্ড গঠিত হলো। শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হবে। দুস্থ শিল্পীদের সহায়তার জন্য আমরা সবার কাছে আর্থিক সহায়তা চাইব।”

১৯ সদস্য নিয়ে ট্রাস্টি বোর্ডটি গঠন করা হয়েছে। এর সদস্যরা হলেন ড. আনিসুজ্জামান (চেয়ারম্যান), আনিসুল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাইয়ীদ, কথাশিল্পী সেলিনা হোসেন, শিক্ষাবিদ মনজুরুল ইসলাম, শিল্পী মুস্তাফা মনওয়ার, অধ্যাপক জাফর ইকবাল, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ, বিজিএমইয়ের সভাপতি মো: সিদ্দিকুর রহমান, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, নাসির উদ্দীন ইউসুফ, কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান, সৈয়দ আবদুল হাদী, ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী পিন্টু, আবুল খায়ের লিটু, ব্যারিস্টার ওমর সাদাত ও ফয়সাল সিদ্দিকী বগী।

প্রসঙ্গত, বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন সুরকার ও সংগীত পরিচালক আলম খান, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী লাকী আখান্দ এবং সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।