২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় 'গোলাপজান'

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে’- এই স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার ‘নটমণ্ডপ’-এ চলছে মাসব্যাপী নাট্যমেলা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 04:57 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

মণিপুরি থিয়েটারের মাসব্যাপী নাট্যমেলায় শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের নাট্যপ্রযোজনা ‘গোলাপজান’। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান।

এতে নাম ভূমিকায় অভিনয় করবেন রোকেয়া রফিক বেবী। আরও অভিনয় করবেন- সেলিম মাহবুব, প্রশান্ত হালদার, চন্দন রেজা, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, রেজাউল আমীন সুজন, সাথী রঞ্জন দে, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, আনিকা মাহিন, দীপ্তা রক্ষিত প্রমুখ।

গোলাপজান আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার এক সাধারণ নারী গোলাপজান পরম মমতার সাথে বর্ণনা করেছেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে পৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি। বিশ শতকের মধ্য ভাগে রাজধানী ঢাকা শহরের শ্রমজীবি একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন কামাল উদ্দীন কবির, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সঙ্গীত তত্ত্বাবধানে সেলিম মাহবুব এবং নেপথ্য কণ্ঠ দিয়েছেন এস এম সোলায়মান, মোহাম্মদ বারী, নুরুজ্জামান বাবু, সুমন মজুমদার, মাহফুজ সুমন। আলোক নিয়ন্ত্রণে রয়েছেন আবু সুফিয়ান বিপ্লব ও শব্দ নিয়ন্ত্রণে গাজী মহসিন ফেরদৌস।

২৭ অক্টোবর নাট্যমেলা উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। মণিপুরি থিয়েটারের ৫টি ও ঢাকার ৬টি’সহ মোট ১১টি নাটক মঞ্চস্থ হচ্ছে। বাংলাদেশের অন্যতম নাট্যদল- থিয়েটার (নাটক সরণি), ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট এবং মণিপুরি থিয়েটারের নাট্যমেলায় নাটক মঞ্চস্থ করছে।