পাখি প্রেমের গল্প নিয়ে ‘শাওন ও পাখি’
তরুণ দুই পরিচালকের হাতে নির্মিত হল নাটক ‘শাওন এবং পাখি’। প্রকৃতি ও প্রাণের প্রতি মানুষের মমত্ব ও প্রেমের গল্পে নির্মিত নাটকটি প্রচারিত হবে ১৮ নভেম্বর রাত দশটায়, এশিয়ান টিভিতে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, তৌসিফ মাহবুব, কাজী উজ্জ্বল, অশোক বেপারী, সাবেরী আলম, আফসারসহ বেশকিছু নতুন মুখ ।
পাখি প্রেমিক এক যুবকের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শাওন এবং পাখি’। নাটকের মূল চরিত্র শাওন প্রায়ই দু:স্বপ্ন দেখে। হঠাৎ একদিন সে এবং তার বন্ধুরা একটি পাখিকে বন্দি করে তাকে পালন করতে শুরু করে। তবে এক প্রচন্ড ঝড়ে পাখিটি মারা যায় এবং একই রাতে শাওন একটি দু:স্বপ্ন দেখে যে দৈত্যরা তাকে তার মায়ের কাছ থেকে ধরে নিয়ে যাচ্ছে।
আরও বিভিন্ন ঘটনার মাধ্যমে শাওন বুঝতে পারে যে, পাখিটিকে ধরে এভাবে খাঁচায় বন্দি করে সে অনেক বড় ভুল করেছে। সে বুঝতে পারে যে ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মায়ের কোলে’।
নাটকে দুটি চরিত্রে প্রেমিক-প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন তৌসিফ এবং স্পর্শিয়া। নির্মাতাদ্বয় জানান, এ দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ে দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প, গণেশ স্যারের খিটমিটে মেজাজ ও হাস্যকর কিছু দৃশ্যের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘শাওন এবং পাখি’’নাটকটি।
নাটকটি প্রসঙ্গে তৌসিফ গ্লিটজকে বলেন, নাটকের গল্পটা সুন্দর। এখানে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। বয়সে নবীন দুই নির্মাতা নাটকটি নির্মাণ করেছেন। দেখার অপেক্ষায় আছি কেমন হলো নাটকটি।’
এ আর মিডিয়া প্রোডাকশানের প্রযোজনায় হারুন রশীদ খোন্দকারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন উচ্চমাধ্যমিক পড়ুয়া ফুয়াদ আহমেদ অয়ন এবং তাহজীব নুরুল মোমেন বাঁধন।
