প্রযোজনায় আসছেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া নিজের ক্যারিয়ারে এখন উড়ন্ত গতিতে আছেন। বলিউডের পাশাপাশি হলিউডেও তার চলাফেরা এখন নিয়মিত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করে থাকেন এ সাবেক বিশ্বসুন্দরী। এবার ‘সারভান’ নামে পাঞ্জাবি ছবিটির সহ-প্রযোজক হচ্ছেন তিনি।
মারাঠি ও ভোজপুরীর পর এবার পাঞ্জাবি ছবিতে হাত লাগিয়েছেন প্রিয়াঙ্কা। এইসব আঞ্চলিক ছবিগুলো প্রযোজনা করতে বলিউড-হলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া তৈরি করেন তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’।
পাঞ্জাবী সিনেমায় প্রথমবারের মতো প্রযোজক হতে পেরে আনন্দিত প্রিয়াংকা।
হিন্দুস্তান টাইমস জানায়, পাঞ্জাবী সিনেমার সাথে থাকতে পেরে স্বপ্নপূরণ হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, “বহুদিনের স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। প্রযোজনা সংস্থা খুলেছিলাম অনেক আগেই। পুরো বিশ্বেই সিনেমা তৈরি করার ইচ্ছা আছে আমার। ছবি সংশ্লিষ্টরা বেশ পরিশ্রমী। সবকিছু শুনে মনে হয়েছে ভালো একটি কাজ করতে যাচ্ছেন তারা।”
‘সারভান’ এর নায়ক আমরিন্দার গিল সিনেমাটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। গণমাধ্যমকে তিনি বলেন, “এবার পাঞ্জাবী সিনেমা তার যোগ্য প্রাপ্তি পেতে যাচ্ছে। এই সিনেমাতে পাঞ্জাব এবং বলিউডের সম্মিলন হয়েছে দারুণভাবে। আশা করি দর্শকরা উপভোগ করবে।”
পরিচালক কারান গুলিয়ানিও জানিয়েছেন তার আশার কথা, “প্রিয়াংকা চোপড়া, ড: মাধু চোপড়া এবং দিপশিখা দেশমুখ- এই তিন নারী প্রযোজিত ‘সারভান’ একজন তরুণের জীবনকাহিনী তুলে ধরবে।”
আগামী ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
