মুক্তির অপেক্ষায় আবু সাইয়ীদের ‘ড্রেসিং টেবিল’
আবু সাইয়ীদ পরিচালিত নতুন ছবি ‘ড্রেসিং টেবিল’ এখন মুক্তির অপেক্ষায়। ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে চলতি বছরের আগস্ট মাসে।
মঙ্গলবার গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সংগীত এবং সম্পাদনাও করেছেন আবু সাইয়ীদ।
সিনেমাটি প্রসঙ্গে আবু সাইয়ীদ বলেন, “তথাকথিত গল্প নিয়ে ছবিটি নির্মাণ করিনি। ভাবনা কিংবা বিষয়বস্তুর জায়গা থেকে এ ছবিটি একেবারেই আলাদা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে।”
নিম্ন মধ্যবিত্ত এক পরিবারে গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ড্রেসিং টেবিল’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, তারিন রহমান, এ কে আজাদ, তাসকিন সুমি, ইফফাত তৃষা, তানিয়া রহমান ও নাদিয়া নদী।
সেন্সরে ছাড়পত্র পাওয়ার পর সেপ্টেম্বরের ৩ তারিখে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কানাডার মন্ট্রিল চলচ্চিত্র উৎসবে।
ছবি: নির্মাতার সৌজন্যে
তার নির্মীত অন্যান্য সিনেমাগুলো হলো ‘শঙ্খনাদ’, ‘নিরন্তর’, ‘ বাঁশী’, ‘রুপান্তর’ ও ‘অপেক্ষা’।
