২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেঁচে থাকুক বাতাক্লঁ’

ফ্রান্সের ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ঘটনার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে প্যারিসের বাতাক্লঁ হল। এক বছর আগে সশস্ত্র জঙ্গিদের হামলায় এখানেই ঝরে যায় নব্বইটি প্রাণ। রক্তক্ষয়ী সেই ঘটনার ক্ষত বুকে নিয়ে এতোদিন তালাবদ্ধ হয়ে পড়েছিল স্থানটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 07:20 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

ভয়ঙ্কর সেই দিনটির স্মরণে এবার সেখানেই হয়ে গেলো ব্রিটিশ সংগীত তারকা স্টিং-এর কনসার্ট।

রয়টার্স জানিয়েছে, ‘দা পুলিশ’ ব্যান্ডকে নিয়ে বাতাক্লঁ হলটিতে পারফর্ম করতে নামেন স্টিং। সেখানে গতবছর নিহতদের কথা স্মরণ করে বলেন, “আমরা তাদের ভুলবো না। আজ রাতে আমাদের দুটি লক্ষ্য; প্রথমত নিহতদের স্মরণ করা। দ্বিতীয়ত এই ঐতিহাসিক জায়গায় জীবন এবং সংগীতকে উপভোগ করা।”

ওই হামলায় বেঁচে যাওয়া আদ্রিয়েন নামের একজন এসেছিলেন এই কনসার্টে। তিনি জানান, “আজকে আমার এখানে আসাটা দায়িত্ব ছিল, নিহতদের স্মরণ করতেই এসেছি আমি।”

গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের বাতাক্লঁতে যখন হামলা চালানো হয় তখন সেখানে কনসার্টে সঙ্গীত পরিবেশন করছিলো মার্কিন রক ব্যান্ড ‘ইগলস অব ডেথ মেটাল’। জঙ্গিদের হামলায় রক ব্যান্ডটির সদস্যরা প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেনি কনসার্টটি দেখতে আসা ৯০ জন দর্শক।

তিন আত্মঘাতী আইএস সদস্য ওইদিন সমন্বিত হামলা চালায় ফ্রান্সের রাজধানী প্যারিসে। তাদের হামলায় প্রাণ হারান মোট ১৩০ জন মানুষ।

কনসার্ট থেকে মঞ্চ ছেড়ে যাওয়ার আগে স্টিং-এর কণ্ঠে বেজে ওঠে জীবনমুখী মন্ত্রই।

ওই ক্ষত বুকে নিয়েও যেন সংগীত পিপাসু প্যারিস জেগে উঠতে পারে সুরের মূর্ছনায়, সে কামনাই ব্যক্ত করেন তিনি। বলেন, “বেঁচে থাকুক বাতাক্লঁ!”