বৃক্ষরাজিতে ঠিকানা এবং বৃক্ষ হননের মহোৎসব!
শেষমেষ হুমায়ূন চলে গেল। ভেবেছিলাম, যে মানুষটি জীবনযুদ্ধে সব সময় জয়ী হয়েছে, হারেনি কখনও, সে এবারেও বিজয়ীর বেশে ফিরে আসবে।
এই মানুষটির মধ্যে একটি প্রায় অবিশ্বাস্য প্রত্যয় ছিল যা, যদিও আমি রাশিচক্রের ধার ধারি না। বৃশ্চিক রাশির জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য বলেই সাধারণত বলা হয়ে থাকে। আমার সঙ্গে তাঁর তেমন সখ্য ছিল না যে আমি প্রায় প্রতিদিনই কিংবা এমনকি ঘন ঘন তার সাক্ষাৎ পেতে পারি। যখন দেখা হত, কাজে কর্মেই দেখা হত। সে নাট্যকার, আমি অভিনেতা। অথবা সে পরিচালক, আমি কুশীলব। এর বাইরে হয়ত দুই কি তিন বার সামাজিক আচার অনুষ্ঠানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার।
তবে, এক ধরনের ভালোলাগা কাজ করত আমার মধ্যে, যখনই তাঁর সান্নিধ্য পেয়েছি আমি। ভালো লাগত, কেননা মানুষটি সবসময়ই সোজাসাপটা কথা বলতে ভালোবাসত। এই চাঁছাছোলা কথা বলবার কারণে অনেক মানুষ বিমুখ হয়েছে তার প্রতি। কিন্তু সে কখনও তার তোয়াক্কা করেনি। যা বলবার, তা স্পষ্টভাবেই বলত।
আমি কখনও দেখিনি তাঁকে কারও মন রক্ষা করে কথা বলতে। আরও একটি বিষয় ছিল তাঁর। একেবারে অভিব্যক্তিহীন মুখাবয়ব নিয়ে এমন সব রসিকতা করত যাতে, যারা শুনত সেইসব কথা, হেসে গড়াগড়ি খেত।
আমাকে সে একসময় বলেছিল, খুব বেশিদিন আগে নয় যে, হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করাই আমার উচিত হবে। কেননা, আমি সহজেই বোকা, বোকা কথা বলে মানুষকে হাসাতে পারি। বোধ করি এটিও সে বলেছিল কারণ, যখন আমি ‘বহুব্রীহি’তে মামা কিংবা ‘আজ রবিবার’-এ ‘বড় চাচা’র ভূমিকায় অভিনয় করেছিলাম। সে হয়ত তারই চেহারার প্রতিচ্ছবি দেখছিল আমার চেহারায়, বিশেষ করে রসে ভরা সংলাপ উচ্চারণ করার সময়।
আমার মনে আছে আমরা, অর্থাৎ আমি, সারা যাকের, আসাদুজ্জামান নূর এবং হুমায়ূন আহমেদ একবার লস এঞ্জেলেসে বঙ্গ সম্মেলনে গিয়েছিলাম তাঁরই রচিত একটি নাটক নিয়ে। লস এঞ্জেলেসে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল আমার পুত্র ইরেশ যাকের। যে তখন আমেরিকাতে স্নাতকোত্তর পড়া শেষ করে ফিলাডেলফিয়াতে গবেষণাকেন্দ্রিক একটি চাকরি করছে। হুমায়ূনের নাটকটি ছিল হালকা চালের, হাস্যরসময় অথচ গভীর তাৎপর্যপূর্ণ।
যতদূর মনে পড়ে, দর্শকের পছন্দও হয়েছিল সেই নাটক। সেখানে কলকাতার এক ভদ্রলোক নাটক শেষে একটি বৈরি মন্তব্য করেছিলেন।
তিনি প্রশ্ন করেছিলেন, আমরা কেনো আমাদের শিল্পকর্মে এত বেশি মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলি। তার ধারণা ছিল যে, আমাদের মুক্তিযুদ্ধ আসলে আমাদেরকে জিতিয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী। আমি যখন সেই ভদ্রলোককে বোঝানোর চেষ্টা করছি যে, কোনো বিদেশি বাহিনীর পক্ষে অন্য কোনো দেশে ঢুকে যুদ্ধ জয় করা অত সহজ নয়, যদি না সেই দেশের গণমানুষ এবং তাদের যোদ্ধাদের সার্বিক সহায়তা পাওয়া যায়। তখন হুমায়ূন আমাকে সেখানে থেকে চলে আসতে বললেন।
আমি তাঁর সঙ্গে হেঁটে সম্মেলন কেন্দ্র থেকে যখন হোটেলে ফিরছি, তখন হুমায়ূন আমাকে বলেছিলেন, তাঁর স্বভাবসুলভ ভাষায়, “বেকুবকে বোঝানোর চেষ্টা করা বৃথা।”
কথাগুলো এখনও আমার কানে বাজে। ভারি প্রাঞ্জল ভাষায় এই মানুষটি অনেক বড় বড় কথা বলতেন, যা অনেক নামজাদা লেখকের কাছ থেকেও আমরা সহজে শুনতে পাই না।
ওই লস এঞ্জেলেস-এ যে হোটেলে আমরা ছিলাম, সেটি একেবারে সমুদ্র উপকূলে অবস্থিত। আমরা এমন একটা বয়সে পৌঁছেছি, যখন অল্প-বিস্তর শরীরচর্চা, সে যত সামান্যই হোক না কেনো, করা বাঞ্ছনীয়। অতএব, আমি, সারা, নূর এবং ইরেশ সকাল সকাল উঠেই সমুদ্রতটে যেতাম হাঁটতে। সেখানে আমাদের মধ্যে কেউ হাঁটত, কেউ দৌড়াতো। প্রায় প্রতি সকালেই হুমায়ূন আমাদের সঙ্গী হত।
ঐ ভোর বেলায়, সূর্য কেবল উঠেছে, কী ওঠেনি, নির্মল বাতাসে স্নাত হয়ে বালুকাবেলার ওপর দিয়ে হাঁটা বড়ই আনন্দদায়ক ছিল। হুমায়ূন কিন্তু একটু দূরে দাঁড়িয়ে দার্শনিকের মতো চেহারা করে সূর্যোদয় দেখত আর আমাদের কসরত দেখে মিটিমিটি হাসতো।
যেদিন শেষবারের মতো আমরা সমুদ্রতটে গেছি, সেদিন আমি আর সারা, হুমায়ূনের পাশে দাঁড়িয়েছিলাম। তখনও দৌড়ানো আরম্ভ করিনি। হুমায়ূন হঠাৎ করে আমাকে আর সারাকে জিজ্ঞেস করল, “আচ্ছা আপনাদের বাড়িতে কি কাজের লোকেরাও সকালে ব্যায়াম করে?”
আমি পাল্টা প্রশ্ন করলাম, “আপনার হঠাৎ এরকম কেনো মনে হলো?
জবাবে সে বলল, “প্রতিদিন সকালেই তো দেখছি আপানারা নিয়ম করে এই সমুদ্রতটে এসে সূর্যোদয়ের সৌন্দর্য না দেখে কসরত করতে লেগে যান।”
আমি প্রমাদ গুণলাম। ভাবলাম হুমায়ূন নিশ্চয়ই এই কথাগুলো তাঁর পরবর্তী কোনো বইয়ে লিখে দেবে। আমি তার দুহাত ধরে মিনতি করলাম যে, আপনি যদি এই রসময় কথাটি লিখতে চান, অবশ্যই লিখতে পারেন, তবে দয়া করে আমাদের নাম উল্লেখ করবেন না। আমি যতদূর জানি, হুমায়ূন আমার কথা রেখেছিল।
হুমায়ূনের প্রচণ্ড কৌতূহল ছিল অতি সাধারণ সকল বিষয়ের প্রতি। মনে আছে, বিভিন্ন দিন তার ইচ্ছে হতো লস এঞ্জেলেসে বিভিন্ন খাদ্য কিংবা পানীয়ের স্বাদ গ্রহণ করার। আমরা যেহেতু মহড়া এবং মঞ্চায়ন নিয়ে ব্যস্ত থাকতাম, ইরেশ তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে এবং ইরেশের প্রতি তাঁর এক ধরনের আপত্যস্নেহ গড়ে উঠেছিল তখন। খুব পছন্দ হয়েছিল তাঁর ইরেশকে।
আজ এই কলামটি লিখতে বসে, এই কথাগুলো বড়ো মনে পড়ছে আমার। তবে সবকিছু ছাপিয়ে মনে পড়ছে সেই সময়ের কথা, যখন একপ্রস্থ চিকিৎসা শেষে সে ঢাকায় এসেছিল কয়েকদিন কাটিয়ে যেতে।
সে কি বুঝতে পেরেছিল যে, সে আর ফিরবেনা এখানে, জীবদ্দশায়? এবং এসেই সে সরাসরি চলে গিয়েছিল নুহাশপল্লীতে। তাঁর প্রিয়, পছন্দের বৃক্ষরাজি ঘেরা, শ্যামল নুহাশপল্লী। তাঁর সেই সফর বাংলাদেশের অনেক টেলিভিশন চ্যানেলে দেখা গেছে। তারা নুহাশপল্লীতে গিয়ে তার সাক্ষাৎকার গ্রহণ করেছে।
আমি দেখেছি, চতুর্থ মাত্রার ক্যান্সার থেকে আরোগ্যপ্রত্যাশী একজন মানুষ কী অসম্ভব জীবনীশক্তি নিয়ে তার প্রিয় বৃক্ষগুলোর মধ্য দিয়ে অতি দ্রুতগতিতে হেঁটে যাচ্ছে। আমার মনে হয়েছে যে, মার্কিন দেশের অতি উন্নত চিকিৎসাও তার দেহমনের নিরাময়ে যতটা সাফল্য অর্জন করতে পারেনি, তার অতি প্রিয় শ্যামল-সবুজ বৃক্ষরাজি বোধ হয় তার অনেকটাই অর্জনে সফল হয়েছে।
কেনো যেন মনে হচ্ছিল মানিকগঞ্জের পারিলনিবাসী সেই বৃক্ষসখার কথা, যে নিজের সমস্ত রোগ-জরা দূর করতো একটি বটগাছকে জড়িয়ে ধরে। এই গল্পটি বলেছিলেন আমার অগ্রজপ্রতিম বন্ধু ড. নওয়াজেশ আহমেদ। আহা, তিনিও প্রয়াত আজ।
আজ, হুমায়ূন ফিরে এসেছে তারই বৃক্ষরাজির সান্নিধ্যে। সেখানেই রচিত হয়েছে তার শেষ শয্যা। পাঠক, আমায় ভুল বুঝবেন না। তাঁর সমাধি কোথায় হয়েছে, বা হওয়া উচিত ছিল তা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না। এটা তাঁর পরিবার-পরিজনের বিষয়। কিন্তু শ্যামল বনের মধ্য দিয়ে তাঁর দৃপ্ত পদচারণা আমার বড় ভালো লেগেছিলো।
সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ঐরকম হাঁটতে হাঁটতে যদি ক্লান্তি এসে ঘিরে ধরে তাঁকে, তবে তাঁরই অতি পরিচিত কোনো একটি বৃক্ষের ছায়ায় তিনি বসে পড়বেন এবং বড়ো আনন্দে নিদ্রায় নিমজ্জিত হবেন। এই ধরনের বৃক্ষপাগল মানুষ বাংলাদেশে আছেন অনেকেই। তাদেরই প্রতিভূ হুমায়ূন আহমেদ বৃক্ষেরই ওপর একাধিক সৃজনশীল লেখা লিখে গেছেন।
নানাভাবে আমরা হুমায়ূনকে জেনেছি, নিসর্গ প্রেমিক হুমায়ূনকে হয়ত অনেকেই চেনেন না। এটি তাঁর চরিত্রের আরও একটি মাত্রা, তা আমরা কোনোভাবেই ছোট করে দেখতে পারি না।
সম্প্রতি এ বিষয়ে কথা হচ্ছিল কয়েকজন তরুণের সঙ্গে। এরা সবাই ঘটনাচক্রে কোনো না কোনো সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তাদের কাছেই শুনতে পেলাম যে, অদূর অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন এক উপাচার্যের আমলে সেখানকার অনেক দুর্লভ বৃক্ষ কেটে ফেলা হয়েছে নির্মম ভাবে।
শুনে মনটা বড্ড খারাপ হয়ে গেল। মনে হল কেবল আনুষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত হলেই কোনো মানুষ সম্পূর্ণ মানুষ হতে পারে না। সম্পূর্ণ মানুষ হতে হলে মানবিক সকল দিকের প্রতি সজাগ হতে হয়। সংবেদনশীল হতে হয়। এই ঢাকা শহরেই আমরা দেখেছি তো, বিভিন্ন সময়ে বৃক্ষ হননের মহোৎসব, যখন আমাদের ভেতর থেকে কান্না উঠে এসেছে। চোখ ভিজে এসেছে। চোখ ভেসে গেছে। কিন্তু আমরা কিছুই করতে পারিনি। হুমায়ূন কিছু করতে পেরেছিলেন বটে। তিনি এই প্রায় অবাসযোগ্য নগরীর প্রান্তেই রচনা করেছিলেন এক উদ্যান। যেখানে পত্র-পুষ্পে পল্লবিত হয়ে উঠেছিল বৃক্ষরাজি। যার ছায়া তলে তিনি অন্তিম শয়ানে শায়িত আজ।
আমরা, যারা হুমায়ূনকে জানি, যাদের ভালোবাসায় তিনি স্থান করে নিয়েছেন তাদের হৃদয়ে, তাদের প্রতি একটি আবেদন। যদি ইচ্ছে এবং ক্ষমতা থাকে, আমরা যেন অন্ততপক্ষে আগামী বর্ষায় একটি বৃক্ষ রোপন করি তাঁর পূণ্য স্মৃতির উদ্দেশ্যে। সেই বৃক্ষ যখন আস্তে আস্তে পূর্ণবয়স্ক হবে, আকাশ ছোঁয়ার ইচ্ছে হবে তার, তখন আমাদের ভাষা, আমাদের অভিব্যক্তি এবং সৃজনশীল চিন্তায় আমাদের এই ক্ষমতাও হুমায়ূনেরই মতো আকাশ ছোঁয়ার চেষ্টা করবে।
লেখক : নির্মাতা , অভিনেতা ও লেখক।
ছবি: আজ রবিবার নাটকে আলী যাকের।
