২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেলে চ্যানেলে হুমায়ূন জন্ম-জয়ন্তীর আয়োজন

প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদ-এর ৬৮ তম জন্মদিন রবিবার। এ উপলক্ষে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

বাংলাদেশ টেলিভিশনে হুমায়ূন আহমেদের স্মরণে রোববার দুপুর ২টার সংবাদের পর প্রচার হবে মোস্তাফিজুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘এপিটাফ’। এটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপী পঞ্চমবারের মতো ‘হিমু মেলা’র আয়োজন করেছে। রোববার দুপুরে ২টা ৩০ মিনিটে হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি পরে চ্যানেল আই প্রাঙ্গনে উপস্থিত হবেন। মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন হুমায়ূন-পত্নী মেহের আফরোজ শাওন এবং তার দুই ছেলে নিষাদ ও নিনিত। মেলার উন্মুক্ত মঞ্চে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ও নাটকের গান গাইবেন খ্যাতিমান শিল্পীদের পাশপাশি সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরাও।

এছাড়াও আয়োজনটিতে থাকছে নাচ, কবিতা আবৃত্তি ও স্মৃতিকথা। হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির স্টলও থাকবে অনুষ্ঠানস্থলে। চ্যানেল আই পুরো অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে।

এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে হুমায়ূন আহমেদ স্মরণে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দি’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটিতে গাইবেন এস আই টুটুল ও শাওন চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারাহ শারমিন।

এটিএন বাংলায় সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ চাঁদনী পসর’। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটিতে গান গাইবেন সুবীর নন্দী, সেলিম চৌধিুরী ও বারী সিদ্দিকী। এছাড়া বিকাল ৫টা ২০ মিনিটে হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘চরণ রেখা’ প্রচার হবে।

আরটিভিতে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলেক্ষে সকাল ১০টা ৪০ মিনিটে ‘তারকালাপ’ অনুষ্ঠানে তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন অভিনেতা ডা: এজাজুল ইসলাম। সকাল ১১টা ২০ মিনিটে হুমায়ূন আহমেদ স্মরণে বৃহস্পতিবার প্রচারিত ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানটি পুন:প্রচার করা হবে। এতে উপস্থিত থেকে হুমায়ূন আহমেদেকে নিয়ে স্মৃতিচারণ করেছেন মেহের আফরোজ শাওন, তারিক আনাম খান ও রহমত আলী। গান গেয়েছেন রাজীব, লিজা ও পলাশ।

বিকাল ৫টায় হুমায়ূন আহমেদের রচনা এবং মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘এসো’ নাটকটি প্রচার হবে। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ প্রমুখ।

বৈশাখী টেলিভিশনে বেলা ৩টা ৩০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। এটি প্রযোজনা করেছেন শারমীন দিপ্তী।