২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মুগ্ধ কৈলাশ খের

শুক্রবার ছিল ঢাকা আন্তর্জাতিক লোক উৎসবের দ্বিতীয় দিন। জালালের মনকাড়া বাঁশির সুরে যে শুরু, তার শেষ হলো ক্ষ্যাপাটে কৈলাশের উন্মাদনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 01:23 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

“আমরা অনেক দেশ ঘুরি, এই কিছুদিন আগে মরিশাস থেকে ঘুরে এসেছি। কিন্তু বাংলাদেশের মানুষের গানের প্রতি, শিল্পের প্রতি ভালোবাসা অন্যরকম। বাংলাদেশে যে এ ধরনের অনুষ্ঠান প্রোমোট করা হয় তাতে আমি মুগ্ধ”, বলছিলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাশ খের।

উপস্থিত জনসমাগমই বলে দিচ্ছিল গতকালের মূল আকর্ষণ যে তিনিই। বলিউডি সিনেমায় গান করে পৌঁছে গেছেন বিভিন্ন স্তরের মানুষের অন্তঃস্থলে। বাংলাদেশেও যে তার এমন শ্রোতা আছে তা স্বচক্ষে দেখলেন কৈলাশ। দেখালেন সঙ্গীতানুরাগীদের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। গাইলেন, মাতালেন, জয় করলেন পুরো আর্মি স্টেডিয়াম।

দ্বিতীয় দিনের আয়োজনে মূল আকর্ষণ হিসেবে সর্বশেষ শিল্পী ছিলেন তিনি। উৎসব কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষের সময় রাত ১২টা হলেও, কৈলাশ যেন নিয়ম ভাঙার ছেলে।

Image
‘মধু হই হই আরে বিষ খাওয়াইলা’ গেয়ে শোনালেন ক্ষুদে শিল্পী জাহিদ।

‘মধু হই হই আরে বিষ খাওয়াইলা’ গেয়ে শোনালেন ক্ষুদে শিল্পী জাহিদ।

Image
‘একদিন মাটির ভিতরে হবে ঘর’, ‘আমার বাবা বাউলাগান’ গানগুলো শ্রোতাদের জন্য গাইলেন লতিফ সরকার।

‘একদিন মাটির ভিতরে হবে ঘর’, ‘আমার বাবা বাউলাগান’ গানগুলো শ্রোতাদের জন্য গাইলেন লতিফ সরকার।

সুর ও কথার ছলে নগরবাসী-ভক্তদের ঘরে ফেরালেন গভীর রাতে। রাত ১২টার পরেই মঞ্চে এলেন তিনি। মঞ্চ প্রস্তুতির নিরবতায় অন্ধকার থেকে হঠাৎ যখন কণ্ঠ শোনা গেল কৈলাশের, গ্যালারি থেকে শ্রোতারা ছুটছিলেন মাঠের দিকে। গানের শুরুতে বাংলায় দুটি বাক্যও বললেন, 'নমস্কার ঢাকাবাসী! আমি তোমাদের সবাইকে ভালোবাসি।'

নিজের জনপ্রিয় সুফিবাদী গানগুলোই গাইলেন তিনি। গাইলেন- আওজি, ও পিয়া পিয়া, তওবা তওবা রে, আও নারান, তেরে দিওয়ানিসহ বেশ কিছু গান।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের উৎসবে লোকসমাগম ছিল অনেক। প্রাপ্তিযোগও ছিল বেশি। জালালের বাঁশিতে যে হৃদয় নিংড়ানো সুর তা হয়ত দীর্ঘ লাইন আর নিরাপত্তার কড়া চোখ পেরিয়ে স্টেডিয়ামে প্রবেশের আগেই অনেকে মিস করেছেন। 

জালালের বাঁশির সুরের সঙ্গে নজরুলের ঢোলে দারুণ শুরু। জালাল তার কান্নাভেজা বাঁশিতে ধরেন ‘আমার সোনার ময়না পাখি’ গানটি।

এর পরই মঞ্চে আসেন কক্সবাজারে সৈকতে গেয়ে বেড়ানো কিশোর জাহিদ। ইউটিউবের মাধ্যমে জনপ্রিয় গান ‘মধু হই হই আঁরে বিষ হাওয়াইলা’ গানটি গেয়ে শোনায় এ কিশোর। টেকনাফের ছোট্ট এ শিশুর সঙ্গে গলা মেলান উপস্থিত শ্রোতারাও।

এরপর পালাগান নিয়ে মঞ্চে আসেন মুন্সীগঞ্জের সিরাজদীখানের পালাকার লতিফ সরকার। প্রথমেই তিনি হযরত শাহজালাল (র.)-কে স্মরণ করে গেয়ে শোনান ‘ঝাঁকে ঝাঁকে আকাশ জুড়ে দেখতে কী সুন্দর/ জালালের জালালি কইতর’। এরপর তিনি পরিবেশন করেন ‘আমার মন মজাইয়ে রে’, ‘তুমি বিনে আকুল পরাণ’, ‘এত দুঃখ দিলি বল্পুব্দ রে’, ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’।

Image
‘রাইজ লাইক অ্যা সান’ গান গাইলেন কানাডার শিল্পী প্রসাদ।

‘রাইজ লাইক অ্যা সান’ গান গাইলেন কানাডার শিল্পী প্রসাদ।

Image
প্রসাদের সঙ্গে যুগলবন্দীতে তবলা বাজাচ্ছেন রাজীব।

প্রসাদের সঙ্গে যুগলবন্দীতে তবলা বাজাচ্ছেন রাজীব।

তারপর ছিল কানাডার শিল্পী প্রসাদ ও তানভীর আলমের যৌথ পরিবেশনা। প্রসাদ গিটার, সেতার ও বাঁশিযোগে গান পরিবেশন করেন। তবলায় তাদের সঙ্গত দিচ্ছিলেন রাজীব। তারা ‘রাইজ লাইক এ সান’, ‘নো ওয়ার’ ও ‘রাইজ আপ দ্য পিপল’ গানগুলো ছাড়াও গিটার ও তবলা বাজিয়ে শোনান।

তাদের পরিবেশনা শেষ হতেই মঞ্চে আসেন ভারতের জনপ্রিয় লোকসঙ্গীত-নির্ভর ব্যান্ড ইন্ডিয়ান ওশেন। শ্লোক, সুফি ও জ্যাজের মিশ্রণে তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতাদের হর্ষধ্বনীতে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম। নিখিল রাও, অমিত কিলাম, রাহুল রাম, হিমাংমু যোশি ও তুহিন চক্রবর্তীর এ দলটির কণ্ঠে শোনা যায় তাদের জনপ্রিয় গানগুলো।

এরপর ফের বাংলা গান। বাউল শফি মণ্ডল ও লাবিক কামাল গৌরবের যৌথ পরিবেশনায় চিরায়ত বাংলার সুরে ফেরেন শ্রোতারা। শফি মণ্ডলের কণ্ঠে- ‘চাতক বাঁচে ক্যামনে’ ও ‘আমি মন মন্দিরে পূজা দেবো’, গৌরবের কণ্ঠে গীত হয় ‘পাইতাম যদি মনের মানুষ’, ‘যমুনার ঘাটে সখি আর না যাইতাম’।

Image
ঢাকার মঞ্চ মাতালেন ভারতীয় ব্যান্ডদল ‘ইন্ডিয়ান ওশেন’ এর সদস্যরা।

ঢাকার মঞ্চ মাতালেন ভারতীয় ব্যান্ডদল ‘ইন্ডিয়ান ওশেন’ এর সদস্যরা।

Image
ঢাকার শ্রোতাদের ধন্যবাদ দিলেন কৈলাস খের।

ঢাকার শ্রোতাদের ধন্যবাদ দিলেন কৈলাস খের।

এরপর মঞ্চে ওঠেন স্পেনের কারেন লুগো ও রিকার্ডো মোরো। ফ্লামেঙ্গো নাচের সঙ্গে গান, গিটার, নাচ, হাততালি আর আঙুলের জাদুতে তখন পুরো স্টেডিয়ামজুড়ে পার্টি। দেখা হয়ে যাচ্ছে পরিচিত মুখ, বন্ধু কিংবা স্বজনের সঙ্গে, হাসি আড্ডায় চা, কফি কিংবা হালকা স্ন্যাক্স হাতে সত্যিই যেন উৎসবের ঝিলিক সবার চোখে মুখে।

স্টেডিয়ামের আকাশে তখন অর্ধেক চাঁদ। নিচে উপস্থিত প্রায় হাজার বিশেক সঙ্গীতপিপাসু শ্রোতা। দীর্ঘ অপেক্ষার পর কৈলাশ খের যাদের মধ্যরাতের দিকে টেনে নিয়ে যান তার অদ্ভুত সুরের জাদুতে।

Image
‘আগে যদি জানতাম’ গানটি শোনালেন লাবিব কামাল গৌরব।

‘আগে যদি জানতাম’ গানটি শোনালেন লাবিব কামাল গৌরব।

Image
ঢাকার মঞ্চে ফ্লামেঙ্কো নৃত্য করলেন স্পেনের কারেন লুগো ও রিকার্ডো মোরো।

ঢাকার মঞ্চে ফ্লামেঙ্কো নৃত্য করলেন স্পেনের কারেন লুগো ও রিকার্ডো মোরো।

উল্লেখ্য, আজ তৃতীয় ও শেষ দিনের আয়োজনে থাকছেন বাংলাদেশের বারী সিদ্দিকী, সুনিল কর্মকার, ইসলাম উদ্দিন কিস্সাকার, তাপস ও তার বন্ধুদের পরিবেশনা।

এ ছাড়াও থাকবে ভারতের নুরান সিস্টার্স, যুক্তরাজ্যের স্যাম মিলস ও সুসিলা রহমানের পরিবেশনা।

উপমহাদেশের কিংবদন্তি পবন দাস বাউলের গানে পর্দা নামবে এবারের উৎসবের।