প্লে-ব্যাক সবসময় উপভোগ করি: মেহরিন
সংগীত জীবনের শুরু থেকেই নিজস্ব স্টাইলে গান গাইছেন কণ্ঠশিল্পী মেহরিন মাহমুদ। সম্প্রতি তিনি সাইফুল ইসলাম মাননুর ‘পুত্র’ সিনেমায় প্লে-ব্যাক করার পাশাপাশি এ সিনেমার একটি গানের দৃশ্যেও অংশ নিয়েছেন।
সিনেমায় প্লে-ব্যাক এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে সম্প্রতি তিনি গ্লিটজের মুখোমুখি হয়েছিলেন।
গ্লিটজ: সিনেমায় আপনাকে প্লে-ব্যাক করতে দেখা যায়না খুব একটা। তাহলে ‘পুত্র’-এর ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন?
মেহরিন: আমি প্রায়ই সিনেমায় প্লে-ব্যাক করার প্রস্তাব পাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সব প্রস্তাব পছন্দ হয় না। যে গানগুলোতে আমার অন্তর থেকে সাড়া পাই, সেগুলোই গাওয়া হয়। তবে এ গানটির প্রস্তাব যখন আমার কাছে আসে, তখন এর কথা শুনেই মনে হলো গানটি আমি গাইবো।
গ্লিটজ: শুনেছি, ‘পুত্র’ সিনেমায় প্লে-ব্যাক করার পাশাপাশি এ সিনেমার দৃশ্যেও আপনাকে দেখা যাবে। এটা কীভাবে হলো। বলবেন কি?
মেহরিন: স্টুডিওতে গানটি গাওয়ার পরে সেখানে উপস্থিত সিনেমাটির পরিচালক সাইফুল ইসলাম মাননু, সংগীত পরিচালক আজম বাবু, আরিফ, সোহেল আজিজসহ সবাই প্রশংসা করলেন। হঠাৎ সিনেমার পরিচালক আমাকে বলেন, আগামীকাল আপনার শুটিং। আমি তো হতবাক! যেই কথা সেই কাজ। খুবই অল্প সময়ের মধ্যে শুটিংয়ের আয়োজন করে আমরা গানের দৃশ্যধারনের কাজ করেছি।
গ্লিটজ: সিনেমার গানের চিত্রায়নে অংশগ্রহণের অভিজ্ঞতাটা কেমন ছিল?
মেহরিন: মিউজিক ভিডিওতে মডেল হওয়ার জন্য অভিনয় করলেও সিনেমার দৃশ্যে চিত্রায়নের অভিজ্ঞতাটা এবারই প্রথম। সিনেমার জগৎটা বিশাল। বিশেষ করে সিনেমার শুটিংয়ের যে পরিবেশ, আবহ থাকে সেক্ষেত্রে মিউজিক ভিডিও নির্মাণের পরিবেশের সঙ্গে কোনোভাবেই মিল নেই। কারণ মিউজিক ভিডিওয়ের নির্মাণের পরিবেশটা পুরোদস্তুর আমার নিয়ন্ত্রণেই থাকে বলা যায়। তাছাড়া সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাজেটও সীমিত থাকে। কিন্তু সিনেমার অন্যরকম একটা চরিত্রে থাকে, একটা বৈশিষ্ট্য থাকে।
গ্লিটজ: ‘পুত্র’ সিনেমার কাহিনি একজন বিশেষ শিশুকে নিয়ে। এ ধরনের গল্প নিয়ে সিনেমা নির্মাণের গুরুত্ব সম্পর্কে আপনি কী মনে করেন?
মেহরিন: সমাজের একটা বিরাট অংশের মানুষ আছে, ভূমিষ্ঠ হওয়ার দুই বছরের মাথাতেই যাদের অটিস্টিক হিসেবে রায় দিয়ে দেওয়া হয়। এটা অভিপ্রেত নয়। এ ক্ষেত্রে বাবা-মাই প্রথম চিকিৎসক এবং নির্ধারক। তাই যতবেশি বক্তব্যর্নিভর সিনেমা নির্মিত হবে, ততই আমাদের জন্য মঙ্গল।আমরা চাই আমাদের সমাজের সব বাচ্চা সুস্থ হবে, যা বাবা-মায়ের জন্য শান্তি বয়ে আনবে।
গ্লিটজ: সিনেমার কাজ কি চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে?
মেহরিন: আমার জীবনে যতটুকুই অভিনয় করেছি সেখানে মেহরিন হিসেবেই করেছি। বলতে গেলে এই প্রথমবার আমি মেহরিন নামে অভিনয়ের পরিবর্তে একজন পারফরমার হিসেবে অভিনয় করেছি। তবে সিনেমার প্লেব্যাক আমার দারুণ প্রিয় একটা জায়গা। এটা সবসময়ই উপভোগ করি।
