২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যালাইড’ এর প্রচারণায় থাকছেন না পিট

সামনেই মুক্তি পাচ্ছে ব্র্যাড পিটের নতুন ছবি ‘অ্যালাইড’। রোমান্টিক-থ্রিলার ঘরানার এ ছবিতে তার অভিনয় ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। এমনকি এ ছবিতে পিটের দূর্দান্ত অভিনয় তাকে অস্কারও এনে দিতে পারে বলে মনে করছেন অনেকে। কিন্তু এ মুহূর্তে পিটের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে তার ব্যাক্তিগত জীবন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 02:18 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

মার্কিন গণমাধ্যম ‘টিএমজি ডটকম’ জানায়, নতুন ছবির প্রচারণায় অংশ নেবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা। জোলি’র সাথে এ মুহূর্তে বিচ্ছেদ মামলা চলছে পিটের। এমন অবস্থায় মিডিয়ার সামনে আসার মতো মানসিক অবস্থা নেই এ তারকার। এছাড়া ‘অ্যালাইড’-এর সহঅভিনেত্রী ম্যারিয়ন কোতিলাহের সাথে পিটকে জড়িয়ে যে প্রেমের গুঞ্জন উঠেছিলো তা নিয়েও বেশ বিব্রত ‘বাই দ্য সি’ খ্যাত এ অভিনেতা।

যদিও এ ছবিটিকে পিটের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হিসেবেই দেথছেন সিনেমা বিশ্লেষকরা। কিন্তু এ মুহূর্তে ক্যারিয়ারের চেয়ে নিজের ব্যাক্তি-জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানানো হয়েছে পিটের পক্ষ থেকে। ‘দ্য সান’ পত্রিকা বলছে, এ মুহুর্তে ছবির প্রচারণায় অংশগ্রহণ করাটাকে নাকি তার ব্যাক্তিগত জীবনের জন্য হুমকি হিসেবেই দেখছেন এ তারকা!

এদিকে প্রচারণা থেকে পিটের হঠাত সরে আসার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাংবাদিকরা। বেশ কিছু টেলিভিশন চ্যানেলে তারকালাপ ও সাক্ষাতকার অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিলো পিটের। এখন তা হয়ে পড়েছে অনিশ্চিত। ছবির প্রচার সংশ্লিষ্ট সকল বিষয় থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন এ অভিনেতা। ফলে বার বার যোগাযোগ করেও পিটের সাথে কথা বলতে পারছেন না তারা।

১৫ সেপ্টেম্বর বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন জোলি। পিটের বিরুদ্ধে সন্তানদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।