‘বাহুবালি’র জন্য সব করতে পারেন কাজল!
প্রথম পর্ব ঝড় তুলেছিল বক্স অফিসে। ‘বাহুবালি’ সিরিজের দ্বিতীয় পর্বও রয়েছে মুক্তির অপেক্ষায়। ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল বলেছেন, তুমুল জনপ্রিয় এই সিনেমার তৃতীয় পর্ব যদি কখনো তৈরি হয়, সেখানে থাকার জন্য সবকিছুই করতে রাজি আছেন তিনি!
হিন্দুস্তান টাইমসকে কাজল বলেন, " ‘বাহুবালি-তিন’ এ যদি অভিনয়ের সুযোগ পাই তবে তার জন্য সবকিছু ছাড়তে রাজি আছি! এটাই হবে আমার প্রথম প্রাধান্য।" যদিও প্রথম দুই পর্বে অভিনয় করতে পারেননি বলে কোনো আফসোস নেই ‘সিংহাম’ খ্যাত এ অভিনেত্রীর । তিনি বলেন, “সিনেমাটি না করলেও এটি দেখার সময় খুবই গর্ববোধ করছিলাম। এটা যেকোনো আন্তর্জাতিক সিনেমার সমকক্ষ।”
ছবির পরিচালক এসএস রাজামৌলির প্রশংসায় পঞ্চমুখ কাজল বলেন, “বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘বাহুবালি’। ছবির সেট নির্মান থেকে শুরু করে সাজ-পোষাক ও রূপ-সজ্জা প্রতিটি ক্ষেত্রেই ছিলো শিল্পের ছোঁয়া। রাজামৌলি স্যার আমার খুবই প্রিয় একজন পরিচালক। তিনি তার সিনেমার জন্য যোগ্যদেরকেই নিয়েছেন। তাদের দিয়েই কাজ করিয়েছেন যাদের তিনি উপযুক্ত ভেবেছেন এটার জন্য।”
তিনি আরো বলেন, “ ‘বাহুবালি’ এমন একটি ছবি যা বার বার তৈরি হয় না। চাইলেই যে কেউ এমন একটি ছবি বানাতে পারবে না। যদি কখনো ‘বাহুবালি-তিন’ তৈরি হয় এবং তাতে অভিনয়ের জন্য সুযোগ পাই তাহলে তা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যপার হবে।”
বলিউডে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এ মুহূর্তে তামিল ছবির কাজেই বেশি ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।
