ফোক ফেস্ট-এ গাইবেন যারা
১০ নভেম্বর থেকে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের দ্বিতীয় আসর। এ উৎসবে গাইবেন দেশ বিদেশের একাধিক লোক গানের শিল্পী। এবার জানা গেল বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইউরোপ থেকে এই উৎসবে অংশগ্রহণ করতে যাওয়া শিল্পীদের নাম।
বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি উৎসবে গাইবেন ভারত, পাকিস্তান, স্পেন ও ইংল্যান্ডের শিল্পীরা। উৎসবের সব প্রস্তুতি এরইমধ্যে চুড়ান্ত হয়েছে।
বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ, বারী সিদ্দিকী, ইসলাম উদ্দিন কিস্সাকার, আবদুর রহমান বাউল, বাউল শফি মন্ডল, সুনীল কর্মকার, টুন টুন বাউল, পালাকার লতিফ সরকার এবং ফরিদা ইয়াসমিন।
ভারত থেকে আসবেন কৈলাস খের, পবন দাস বাউল, ওস্তাদ গুলশান মীরের মেয়ে বিবি নুরান, জ্যোতি নুরান ও সুলতানা নুরান-এর ব্যান্ড ‘নুরান সিস্টার্স’, ব্যান্ড দল ‘ইন্ডিয়ান ওশেন’, প্রসাদ এবং রাজু দাস বাউল।
উৎসবের বিভিন্ন পর্বে আরও থাকবেন পাকিস্তানের ওস্তাদ জাভেদ বশির, স্পেনের মিউজিক্যাল গ্রুপ ‘কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো’ এবং ইংল্যান্ডের ‘সুশীলা রহমান অ্যান্ড স্যাম মিলস’ ব্যান্ড দল।
সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান উৎসব আয়োজক প্রতিষ্ঠান সান ইভেন্টেস-এর ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন।
তানভীর হোসেন বলেন, “লোকসংগীত নিয়ে আমাদের যাত্রা অনেক আগে থেকেই। মাছরাঙা টেলিভিশনের বাউলিয়ানা শিরোনামে রিয়েলিটি শো ছিল লোকগানের প্রতিভা খুঁজে বের করার প্রথম প্রয়াস। আমাদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর উদ্যোগে লোকসংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্যই এ উৎসবের আয়োজন।”
উৎসবটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিল্পীরা লোকসংগীত প্রেমী শ্রোতাদের গান শোনাবেন।
এবারও শ্রোতারা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সব তথ্য।
ছবি: ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব কর্তৃপক্ষের সৌজন্যে
