আমার কোনো দুঃখবোধ নাই: আলী যাকের
খ্যাতিমান অভিনেতা, নাট্যনির্দেশক ও লেখক আলী যাকের-এর জন্মদিন রোববার। ৭১ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের চাওয়া-পাওয়ার হিসাবের খাতা খুললেন তিনি।
গ্লিটজ: আজ আপনার জন্মদিন। দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করছেন কী?
আলী যাকের: অন্যান্য দিনের মতো খুব সাধারণভাবেই আজকের দিনটি পার করার আশা করছি। সাধারণত আমার জন্মদিনে তেমন কোনো আয়োজন থাকে না। তবে অনিয়মিতভাবে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা ঘরোয়া আয়োজন করেন।
গ্লিটজ: জীবনের এই পর্যায়ে এসে নিজেকে নিয়ে আপনার উপলব্ধি কী?
আলী যাকের: আমি খুব সৌভাগ্যবান। আমি যা করতে চেয়েছি, তা করতে পেরেছি এবং আমার যতটুকু স্বীকৃতি পাওয়া সম্ভব, তার সবটাই পেয়েছি। আমার কোনো ধরনের দুঃখবোধ নাই।
গ্লিটজ: অনেকদিন ধরে আপনাকে টেলিভিশন নাটকে দেখা যাচ্ছে না। এ বিষয়ে আপনার পরিকল্পনা কী?
আলী যাকের: এখন সে রকম ভালো গল্প পাওয়া যায় না। আর টেলিভিশন নাটকের প্রতি তেমন কোনো টান নেই আমার।
গ্লিটজ: মঞ্চ নাটকে নিয়মিতই অভিনয় করছেন। এটা কি অব্যাহত থাকবে?
আলী যাকের: হ্যাঁ। স্বাস্থ্য যতদিন ভালো থাকবে, মঞ্চ নাটকে ততদিনই অভিনয় করার ইচ্ছা আছে আমার। মঞ্চে আমি সব ধরনের নাটকেই অভিনয় করে যেতে চাই।
গ্লিটজ: এখন কী লিখছেন?
আলী যাকের: ইংরেজি ভাষায় আমার আত্মজীবনী লিখছি। আশা করছি এটি আগামী গ্রন্থমেলায় প্রকাশ হবে।
