২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূপেন হাজারিকার স্মরণে লিয়াকত আলীর গান

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কিংবদন্তী কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে গান গাইবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যজন লিয়াকত আলী লাকী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 08:47 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শিরোনামের অনুষ্ঠানটিতে থাকছে ঢাকা সাংস্কৃতিক দলের পরিবেশনা।

অনুষ্ঠানে লিয়াকত আলী লাকী গাইবেন ড.ভূপেন হাজারিকার শ্রোতাপ্রিয় কিছু গান। এগুলো হলো, ‘আমি এক যাযাবর’, ‘মানুষ মানুষের জন্য’, ‘তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে’, ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’, ‘আয় আয় ছুটে আয় সজাগ জনতা’, ‘চোখ ছল ছল করে ওগো মা’, ‘শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে’, ‘মোরা যাত্রী একই তরণীর’সহ বেশকিছু গান।

এ অনুষ্ঠান প্রসঙ্গে লিয়াকত আলী লাকী বলেন, “ভূপেন হাজারিকা আমার আদর্শিক নেতা ও গুরু। তার কাছে আমি গান শিখেছি। তিনি আমাকে স্নেহ করতেন। ১৯৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু ও হাজারিকার গান নিয়ে সারা বাংলায় অনুষ্ঠান করেছি। এখন ভূপেন হাজারিকার স্মরণে গাইতে পারাটা আমার জন্য আনন্দের।”

এছাড়াও শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিতব্য ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে তিনি ভূপেন হাজারিকার ১১টি গান পরিবেশন করবেন।

২০১১ সালের ৫ নভেম্বর ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদ্মবিভূষণে সম্মানিত এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি একজন কবি, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সুখ্যাতি অর্জন করেন।