২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাবেন টারান্টিনো!

এক বছর আগেই মুক্তি পেয়েছে তার আট নম্বর সিনেমা। প্রায় দুই দশক ধরে হলিউডের রূপালি জগতে তার বিচরণ। সেই কুয়েন্টিন টারান্টিনোই কিনা বললেন, দশ নম্বর সিনেমাটি তৈরি করেই অবসরে যাবেন তিনি!

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 07:54 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

১৯৯২ সালে ‘রেজোর্ভোয়ার ডগস’-এর মাধমে নির্মাতার আসনে বসেন তিনি। দুই বছর পরে মুক্তি পাওয়া ‘পাল্প ফিকশন’-এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের ভাষাই পরিবর্তন করে দেন। এরপর থেকে তার হাত দিয়েই একে একে এসেছে ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’-এর মতো সিনেমা। সর্বশেষ ‘হেইটফুল এইট’ দিয়েও এসেছেন আলোচনায়।

একযুগেরও বেশি সময়ে ৮টি সিনেমা তৈরি করে ফেলেছেন। সিনেমা বানাতে দারুণ ভালোবাসেন। এরপরও ভাবছেন অবসরের কথা।

সান ডিয়েগোতে দ্য ক্রিয়েটিভিটি কনফারেন্স শিরোনামের একটি সম্মেলন শেষে নিজের অবসর ভাবনা প্রকাশ করেন তিনি, “দিনশেষে আমি কোন অবস্থায় নিজের ক্যারিয়ার শেষ করবো এটাই দেখার বিষয়। আমি মনে করি, অবসরের সময় যদি আমাকে সর্বকালের সেরা নির্মাতাদের মাঝে ধরা হয় তাহলেই কেবল আমি সফল। এটাই আমার সাফল্য হবে। শুধু নির্মাতা না, আমি চাই আমাকে মানুষ একজন শিল্পী হিসাবে মনে রাখুক।”

নিজের ওপরে সেই বিশ্বাসটাও আছে, “দুই বছর আগের কথা ভাবতেও আমার দারুণ তৃপ্তি হয়। আমি আর আমার কলম টেবিলের সামনে সাদা কাগজ রেখে বসে থাকতাম। ব্যাপারটা দারুণ ছিল।”

দুবারের অস্কারজয়ী এই নির্মাতার পরের দুই সিনেমা কী নিয়ে হবে, সেটারও আভাস দিয়েছেন ওই সম্মেলনেই। ত্রিশের দশককে পটভূমি বানিয়ে একটি গ্যাংস্টার সিনেমা তো বটেই, ১৯৭০ সালের ঘটনাপ্রবাহ নিয়েও সিনেমা বানানোর ইচ্ছা আছে তার।