২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ডক্টর স্ট্রেইঞ্জ’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন সুপারহিরো ডক্টর স্ট্রেইঞ্জকে নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেকদিন ধরেই। বিশেষ করে রূপালি পর্দায় এই চরিত্রকে রূপদান করতে যখন মাঠে নেমেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। কমিকভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন অতিমানব এক জাদুকরের ভূমিকায় ‘শার্লক’ খ্যাত এই অভিনেতাকে কেমন দেখায়- সেটার জন্য। অপেক্ষার সেই প্রহর এবার ফুরোলো; যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেকগুলি দেশের সঙ্গে ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ এবার মুক্তি পেয়েছে বাংলাদেশেও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 04:21 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

শুক্রবার ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স-এর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

২০১৬ সালটি যে মার্ভেল আর ডিসি কমিক্স-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই যাবে, তার ইঙ্গিত মিলেছে আগেই। ডিসি যখন ‘সুইসাইড স্কোয়াড’ দিয়ে মাঠে নামাচ্ছে একঝাঁক নতুন কমিক চরিত্রকে, মার্ভেল তখন নিয়ে এসেছে ক্ষমতাধর জাদুকর ‘ডক্টর স্ট্রেইঞ্জ’কে।

সেলেব্রিটি চ্যাট শো ‘জিমি কিমেল লাইভ’-এ সিনেমাটির প্রথম ট্রেইলার প্রকাশের পর থেকেই এটি নিয়ে চলছে মাতামাতি। তার আগেই অবশ্য ‘ডক্টর স্ট্রেঞ্জ'-এর বেশে কাম্বারব্যাচের একটি ছবি প্রকাশ করেছিল মারভেল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমত ভাইরাল হয়ে যায়।

হলিউডের দর্শকপ্রিয় তারকাদের অনেকেই কোন না কোনভাবেই নিজের নামের সাথে জুড়েছেন সুপারহিরো তকমা। ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ হিসেবে এবার সে তালিকায় যুক্ত হতে চলেছেন ‘শার্লক’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ।

ছবিতে কাম্বারব্যাচ ছাড়াও দেখা যাবে ‘দ্য ক্রনিকলস অফ নার্নিয়া’খ্যাত টিলডা সুইনটনকে। এইনশেন্ট ওয়ান-এর চরিত্রে কেশবিহীন অবতারে তার অবির্ভাব চমকে দিয়েছে সবাইকে। আরও থাকছেন ‘হ্যানিবল’খ্যাত ম্যাডস মিকেলসেন, যিনি নিজেও প্রথমবারের মত অভিনয় করেছেন বড় কোন সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি সিনেমায়।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, চিউইতেল এজিয়োফোর এবং বেনেডিক্ট উয়ং। ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর নির্মাতার আসনে আছেন স্কট ডেরিকসন। আর মারভেলের অন্যান্য সিনেমার মত এটিও প্রযোজনা করেছেন কেভিন ফিজ।