রবিঠাকুরের গল্পে অ্যনিমেটেড সিনেমা ‘ডিটেকটিভ’
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘ডিটেকটিভ’ অবলম্বনে তৈরী হলো দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা ‘ডিটেকটিভ’। তপন আহমেদ-এর পরিচালনায় সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফরিয়া। শিগগিরিই সিনেমাটি মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।
ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরুর পর থেকেই নতুন নতুন কারনে আলোচনায় উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নাম। এবার বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ডিটেকটিভ’ এর জন্য আরও একবার শিরোনামে এলো এই প্রযোজনা প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অ্যানিমেটেড সিনেমা মুক্তি দেওয়াটা ঝুঁকি হয়ে যাচ্ছে না?
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আফরিন মহু বলেন, “আমরা (জাজ মাল্টিমিডিয়া) সবসময় ঝুঁকি নিয়েছি। আমাদের সবকিছু ইতিবাচকভাবে সফল হচ্ছে বলেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমরা ভাবলাম বাংলাদেশে কখনো অ্যানিমেটেড সিনেমা হয়নি, একটু নতুন কিছু করি…একটু ব্যতিক্রম কিছু করি। আশা করছি ভালো কিছু হবে।”
তিনি আরও বলেন, “অনেক বেশি ইতিবাচক ভাবনা থেকে আমরা একটি গেইমও র্নিমান করেছি। সেই গেইমটাও নতুন। বাংলাদেশে কোনো সিনেমার উপর ভিত্তি করে এখনও পর্যন্ত কোনো গেইম বানানো হয়নি। কিন্তু আমরা তৈরি করছি। কোথায় যাবে এইটা জানি না কিন্তু আমরা ইতিবাচক ভাবনা নিয়েই এগিয়ে যাচ্ছি।”
সিনেমার অন্যতম কুশীলব নুসরাত ফারিয়ার কণ্ঠেও শোনা গেল প্রায় একই সুর।
গ্লিটজকে তিনি বলেন, “ ‘ডিটেকটিভ’য়ের মতো অ্যানিমেটেড সিনেমা দেখার মত কল্পনা কিংবা চিন্তা যদি আমরা না করি তাহলে হয়ত অন্য কেউ আর এমন কিছু করবে না। তাই সবসময় ইতিবাচক ভাবনাটাই প্রয়োজন।”
সিনেমার প্রধান তিন চরিত্র মহিনচন্দ্র চরিত্রে আরিফিন শুভ, শৈলবালা চরিত্রে নুসরাত ফারিয়া ও মন্মথ চরিত্রে কন্ঠ দিয়ছেন শাহরিয়াজ। সিনেমায় ব্যবহার করা হয়েছে মাত্র দুটো গান।
ছবি : তানজিল আহমেদ
