২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোরখা পরে সিনেমা দেখতে গিয়েছিলাম’

২০০৮ সালে রাকিবুল আলম রাকিবের ‘চাকরের প্রেম’ সিনেমায় মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষিক্ত হন অহনা রহমান। এর পরে আট বছর বিরতি ভেঙ্গে ২০১৫ সালে তার অভিনীত এফ আই মানিকের ‘দুই পৃথিবী’ সিনেমাটি মুক্তি পায়। শুক্রবার মুক্তি পেলো তার ক্যারিয়্যারের তৃতীয় সিনেমা পি এ কাজলের ‘চোখের দেখা’। রবিবার সন্ধ্যায় এই সিনেমাকে ঘিরে গ্লিটজের সঙ্গে এক আড্ডায়ে মেতে উঠেছিলেন ‍তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 07:45 PM

Updated : 11 Oct 2022, 08:53 PM

গ্লিটজ: সিনেমা হলে ‘চোখের দেখা’ দেখতে গিয়েছিলেন?

অহনা: শুক্রবার সিনেমা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিলো। কিন্তু যেতে পারিনি। তাই শনিবার সন্ধ্যায় আমি পূরবী ও সনি সিনেমা হলে গিয়ে আমার অভিনীত সিনেমাটি দেখেছি। আমাকে যেনো কেউ চিনতে না পারে তাই বোরখা পরে সাধারন দর্শকদের সঙ্গে বসেই সিনেমা দেখেছি। কেউ গান দেখে শিস বাজাচ্ছিলো, আবার কেউ কোন একটি দৃশ্য দেখে হাতে তালি দিচ্ছিলো। মূলত এই দৃশ্যগুলো দেখার জন্যই আমি ছদ্মবেশে সিনেমা হলে গিয়েছিলাম। সেই মূর্হুতগুলো খুবই মজার ছিলো ।

গ্লিটজ: দর্শকদের কাছ থেকে সাড়া পেলেন কেমন?

অহনা: আমার তো মনে হচ্ছে সিনেমাটা দর্শকরা বেশ ভালো মতোই নিয়েছে। কারন আমি যে দুটো সিনেমা হলে গিয়েছিলাম সেখানে সাধারন দর্শকরাই মূলত সিনেমা দেখতে যায়। সিনেমার বিভিন্ন দৃশ্যে, গানে তাদের যে রেসপন্স ছিলো তা আমার কাছে খুবই ভালো লেগেছে।

গ্লিটজ: সাইমন-এর সঙ্গে আপনার রসায়ন কেমন ছিলো?

অহনা: শুটিং-এর সময় আমাদের দু্ই জনের মধ্যে কোনো ধরনের রোমান্টিকতা ছিলো না। সিনেমার গল্পেও দুজনের মধ্যে রসায়নের বিষয়টি ওভাবে ছিল না। তবে গানের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কিছুটা রোমান্টিকতার ছোয়া রাখতে।

সিনেমার গল্পের কোন দৃশ্যের কোন সংলাপেই আমরা কেউ কাউকে ভালোবাসি এই কথাটি বলিনি। বরং গল্পটা এমন ছিলো যে সবাই সেই না বলা ভালোবাসার কথাটাই অনুভব করতে পারবে এই সিনেমাটি দেখে। আসলে এই সিনেমায় আমাদের রসায়নের ধরনটা একটু অন্যরকম ছিলো। সেই অন্যরকমটা কেমন, তা দেখতে হলে সিনেমা হলে যেতে হবে।

গ্লিটজ: দর্শকেরা কেন এই সিনেমা দেখবেন?

অহনা: এটি একটি পরির্পূণ সিনেমা। সিনেমার মূল ভিত্তি হচ্ছে তার গল্প। এই সিনেমার গল্প পুরোপুরি মৌলিক। এছাড়াও এই গল্পের গাঁথুনি খুবই মজবুত। সিনেমা মানেই একটা ফিল্মি বিষয়, যেখানে বিনোদন একটা বড় বিষয়। সিনেমা মানেই এন্টারটেইনমেন্ট। এই সিনেমার গল্পে  নতুন ধরণের বিনোদনের সঙ্গে দর্শককে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে। তাই, আমি মনে করি, টিকেট কেটে এই সিনেমা দেখলে পয়সা উসুল হবেই।

গ্লিটজ: এই সিনেমায় আপনার পছন্দের গানটি কোনটি?

অহনা: সত্যি বলতে এই সিনেমার প্রতিটি গানের কথা ও সুর খুবই সুন্দর। এরমধ্যে ‘তোকে চাই’ গানটি আমার খুবই পছন্দের একটি গান। আমার বিশ্বাস যারা এরইমধ্যে গানটি সিনেমাতে দেখেছেন তাদের প্রত্যেকের এই গানটি ভালো লেগেছে। এটা ভালো লাগার মতোই একটি গান। আমি তো প্রতিদিনই এই গানটা এখন শুনছি।

গ্লিটজ: রূপালি জগতে নিয়মিত হবেন নাকি আবারো লম্বা বিরতি নিবেন?

অহনা: সত্যিই আমি এখনও কিছুই বলতে পারছি না। আমি ছোট পর্দায় নিয়মিত কাজ করার ব্যাপারে নিশ্চিয়তা দিতে পারলেও বড় পর্দার ক্ষেত্রে সেটা পারছি না। কারণ আমি বড় পর্দাকে সত্যি খুব ভয় পাই। আমি খুবই চিন্তায় থাকি। এই সিনেমা মুক্তির আগে খুব চিন্তায় ছিলাম; এটাকেও আমি খুব ভয় পাই।