মঞ্চে নতুন নাটক ‘রাজার চিঠি’
রবীন্দ্র অনুরাগী শ্রী হরিদাস বসাক। রবীন্দ্রসাহিত্য নিয়ে কিছুটা ক্ষ্যাপামোই আছে তার ভেতর। একদিন চিঠিও লিখে বসেন রবীন্দ্রনাথ বরাবর। তারচেয়েও অবাক করা কথা, চিঠির উত্তর পাঠান রবীন্দ্রনাথ!
গল্পটা ১৯৩৯ সালের। এই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন বদলে যায়। দেশভাগ, মুক্তিযুদ্ধ ও হরিদাস বসাকের স্বপ্নভঙ্গের গল্পে মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নতুন নাটক ‘রাজার চিঠি’।
রবীন্দ্রপ্রীতি নিয়ে যুবক হরিদাসের যে পরিবার-পরিজন এবং বন্ধুরা হাসাহাসি করেছিল, চিঠির উত্তর আসার পর তেমনটা আর রইলো না। হরিদাস বসাক কে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাকও সাহিত্য সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন।
সময়ের প্রবাহে আসে ১৯৪৭ সাল। এ সময় অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিন্তু যে ঠিকানায় রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখেছেন, সে ঠিকানা হরিদাস বসাক বদল করতে চান না। নাটকে ১৯৪৭ সালের দেশবিভাগের চিত্র এবং হরিদাস বসাকের মাতৃভূমি আঁকড়ে থাকা দেখা যায়।
এ অবস্থায় পাকিস্তানি আর্মি এসে দাঁড়ায় হরিদাস বসাকের সামনে। তার মুখের বীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে আর্মিরা তাকে বেয়োনেট দিয়ে মারতে থাকে। কাহিনি এখানেই শেষ হয়েছে, কিন্তু এর বিস্তৃতি বহুদূর পর্যন্ত প্রসারিত।
নির্দেশক দেবাশীষ ঘোষ জানালেন, আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাগরণী থিয়েটার-এর ১৫ তম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে ‘রাজার চিঠি’। নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ডা: এনামুর রহমান। নাটকটির উদ্বোধন করবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এবং পথনাটক পরিষদের সাধারন সম্পাদক আহমেদ গিয়াস।
