২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান হামলা নিয়ে সিনেমা বানাবেন ফারুকী

গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। ‘হলি বেকারি’ নামের সিনেমাটির  প্রযোজনাও করবেন তিনি নিজেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 01:10 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

বুসান ফিল্ম ফেস্টিভালে বিচারকের দায়িত্ব পালন করতে এই মুহুর্তে দক্ষিণ কোরিয়ায় আছেন ‘টেলিভিশন’ খ্যাত এই নির্মাতা। সেখানেই যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন তিনি।

২০১৪ সালের অস্কারজয়ী সিনেমা ‘বার্ডম্যান’-এর মতোই ‘হলি বেকারি’ হতে যাচ্ছে একটি ওয়ান শট ফিল্ম, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরিচালক। সিনেমাটিতে জঙ্গিবাদ এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির সঙ্গে আধুনিক বাংলাদেশের সমীকরণকে নিজের মতো করে বিশ্লেষণ করবেন তিনি।

এ প্রসঙ্গে ফারুকী বলেন, “এটা হবে খুবই নিবিড় এবং তীব্রতাসম্পন্ন; ওই একটি শটে আমি বিশ্বাস করি, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক জটিলতা, ঘৃণার সংস্কৃতি, অসহনশীলতার উত্থান, আধুনিক বাংলাদেশে সংঘাত ও জঙ্গিবাদের উত্থান, এবং একটি ক্ষুদ্র গোষ্ঠী, যারা রক্ষণশীল- এর সবকিছুই আমরা তুলে ধরতে পারবো।”

২০১৭ সালের শুরুর দিকে সিনেমার কলাকুশলী চূড়ান্ত করা হবে বলে জানান ফারুকী। মার্চ মাস থেকে ছবির কাজে হাত দিবেন তিনি।

ফারুকী এই মুহুর্তে ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা ‘ডুব: নো বেড অফ রোজেস’-এর নির্মাণ পরবর্তী কাজ নিয়ে। যৌথ প্রযোজনার এই সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র এবং রোকেয়া প্রাচী।

আবু শাহেদ ইমনের নতুন সিনেমা ‘অপদার্থ’ও প্রযোজনা করবেন বলে সম্প্রতি জানিয়েছেন ফারুকী। ইমনের গতবছরের সিনেমা ‘জালালের গল্প’ বাংলাদেশ থেকে অস্কারে প্রতিনিধিত্ব করেছিল। এছাড়াও তার হাতে আছে, ‘নো ম্যানস ল্যান্ড’ নামের নতুন আরেকটি সিনেমার কাজ, যার পটভূমির বিস্তার পাঁচটি দেশকে ঘিরে।

চলতি বছরের জুলাই মাসের প্রথম দিনে গুলশানে অবস্থিত হলি আর্টিজেন রেস্টুরেন্ট ও বেকারিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। হামলার ওই ঘটনায় দুই পুলিশসহ নিহত হন ২২ জন, যাদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশী নাগরিক। 

গুলশান ট্র্যাজেডির পর ওই ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কলকাতার পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ও। ‘জিহাদ’ নামের ওই সিনেমার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করবেন রোহিত রয় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। 

পুরনো খবর:

গুলশান হামলা নিয়ে বলিউডে ছবি, অভিনয়ে ঋতুপর্ণা