‘পুরান ঢাকার পূজার আমেজ নতুন ঢাকাতে পাই না’
পূজায় প্রতিবার অঞ্জলি দেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। এবারে কাজের চাপে সেটি হয়ে ওঠে তার। তবে প্রতিবারের মতো এবারো মণ্ডপে ঘুরে প্রতিমা দেখে ও প্রসাদ খেয়ে পরিবারের সাথে আনন্দেই পূজার সময়টা পার করছেন বলে গ্লিটজকে জানালেন তিনি।
ছোটবেলার পূজা ও এখনকার পূজা- সময়ের আবর্তনে কি কি বদলেছে জানতে চাইলে তিনি বলেন, “ছোটবেলার পূজার আনন্দ অন্যরকম। আমি বড় হয়েছি পুরান ঢাকার লক্ষীবাজারে। সে সময় চারিদিকে ঢাকের শব্দে কান পাতা দায় ছিলো। প্রতি মোড়ে মোড়ে প্রতিমা আর চারিদিকে অনেক মানুষ। রাতের বেলা অনেক লাইটিং হতো। পূজার সে আমেজ নতুন ঢাকাতে পাই না। পূজার স্মৃতি বললেই আমার মনে পড়ে ছেলেবেলার সে স্মৃতিগুলো।”
পূজার কোনো বিশেষ স্মৃতির কথা জানতে চাইলে তিনি বলেন, “পূজার একটা স্মৃতি আমার সব সময় মনে থাকবে। মা আমাদের জন্য হাতে সেলাই করে জামা বানাতেন। আমরা অপেক্ষায় থাকতাম কখন সেটা পরবো। সে জামা গায়ে দিয়ে যখন ঘুরতাম মনে হতো মায়ের শরীরের ঘ্রাণ জামায় লেগে আছে। এখনো এ ব্যাপারটি খুব মনে পড়ে।”
তারকা হওয়ার পর পূজার স্বাদ কি বদলেছে কিছুটা? জানতে চাইলে তিনি বলেন, “প্রথমেই বলে নেই, আমি নিজেকে তারকা মনে করি না। আমি সবার আগে একজন মানুষ, তারপরে একজন মা। তারপরে আসবে আমার নির্মাতা পরিচয়। পূজার অনুভূতি আমার কাছে সব সময় একি রকম। তবে হ্যাঁ, নির্মাতা হিসেবে এখন আমাকে অনেকেই চেনেন। তাই পূজায় ঘুরতে গেলে অনেকেই কাছে আসেন। আলাপ করেন। যখন কেউ আমার কাজের প্রশংসা করেন নি:সন্দেহে খুবই ভালো লাগে তখন। শিল্পী মাত্রই তার কাজের মূল্যায়ন চান। আমিও তার ব্যাতিক্রম নই।”
এবার পূজায় দেখা যাবে চয়নিয়া চৌধুরীর বিশেষ নাটক ‘আগমনী গান’। দশমীর পরদিন মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি গত পূজা থেকেই একটি করে পূজার বিশেষ নাটক বানিয়ে আসছি। গতবার বানিয়েছিলাম, দেড়শ বাড়ির মাটি দিয়ে যে দুর্গা পূজা হয়- এ বিষয়টি নিয়ে একটি নাটক। এবারের বিষয়টি বেশ সমসাময়িক। একজন সাহসী মেয়ের অন্যায়ের প্রতিবাদের মধ্যে দিয়ে দুর্গার অসুর বধের যে ঘটনা সেটিকে রূপক হিসেবে ফুটিয়ে তুলেছি।”
