চারুকলার দাদুকে নিয়ে নির্মিত হল তথ্যচিত্র
চারুকলার ‘দাদু’ হিসেবে খ্যাত মোমিন আলী মৃধাকে নিয়ে এবার তথ্যচিত্র নির্মাণ করলেন মোল্লা সাগর।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘দাদু’ শিরোনামের সেই তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়ে গেল।
উদ্বোধনী প্রদর্শনীতে অতিথি ছিলেন চলচ্চিত্রকার আজিজুর রহমান, মসিহউদ্দিন শাকের, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
অধ্যাপক নিসার হোসেন বলেন, “৭৯-তে দাদুকে মডেল হিসেবে নিয়ে কাজ করেছি। আমার কাছে তিনি একজন আকর্ষণীয় শারীরিক বৈশিষ্ট্যের ও আধ্যাত্মিক চেতনার মানুষ ছিলেন।
“প্রচলিত অর্থে তিনি ধর্ম বিশ্বাস করতেন না। তিনি ধর্ম বলতে মানুষকেই বুঝতেন। তার মতে ধর্ম ছিল অন্তরের বিষয়। তিনি বুঝতেন সত্যের নামই ধর্ম, আর মিথ্যার নাম পাপ।”
মোল্লা সাগর জানান, ২০০১ সাল থেকে দাদুর ওপর প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ শুরু করেন তিনি। ২০০৮ সাল পর্যন্ত দাদুকে ক্যামেরায় ধারণ করেন তিনি।
‘দাদু’ প্রামাণ্যচিত্রের পরতে পরতে ফুটে উঠেছে মোমিন আলী মৃধার ব্যক্তি জীবনের নানা আঙ্গিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর, একাত্তরে মুক্তিযুদ্ধসহ বাংলার নানা ইতিহাসের স্বাক্ষী মোমিন আলী মৃধার জীবনকে সংক্ষিপ্ত কোলাবরে পরিচালক তুলে এনেছেন পর্দায়।
শিল্পাচার্য জয়নুল আবেদিন তাকে তৎকালীন সরকারি আর্ট কলেজে চাকরি দিতে চেয়েছিলেন, কিন্তু স্বাধীনচেতা মানুষটি নিজেকে আবদ্ধ করেন নি পরাধীনতার শৃঙ্খলে; পরিবর্তে হয়েছিলেন আর্ট মডেল।এদেশের চারুকলার শিক্ষার্থীদের পরীক্ষনের জন্য তার মুখাবয়ব ব্যবহৃত হয়েছে অজস্রবার।
চারুকলায় মডেল হিসেবে ১৯৪৮ সালে তাঁকে ডেকে নেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের শিল্পের ইতিহাসে মডেল হিসেবে এতো ছবি আর কারো আঁকা হয়নি।
২০১২ সালে ১০৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দাদু মোমিন আলী মৃধা।
