২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমের নিরাপত্তায় ‘বডি ডাবল’

সম্প্রতি প্যারিসে নিজের ভাড়া করা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতের কবলে পড়েছিলেন মার্কিন টিভি তারকা কিম কারদাশিয়ান। এ ঘটনায় দারুন উদ্বিগ্ন তার স্বামী সংগীতশিল্পী কানইয়ে ওয়েস্ট। কিমের নিরাপত্তার জন্য তাই প্রায় ৬ লাখ পাউন্ড খরচ করে ফেলেছেন তিনি। এমনকি কিমের মতো দেখতে একজন ‘বডি-ডাবল’ রাখার কথাও ভাবছেন ওয়েস্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 05:40 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

মার্কিন সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, কিমের জন্য একজন মানানসই ও দক্ষ ‘বডি-ডাবল’ খুঁজছেন ওয়েস্ট, যে সব সময় কিমের মতো করেই চলাফেরা ও সাজ-পোশাক করবে। ইতোমধ্যেই কিমের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে নিরাপত্তা বিষয়ক একটি দল নিয়োগ দিয়েছেন তিনি।

হামলার ঘটনার পর সম্প্রতি নিউ ইয়র্কে ফিরে এসেছেন কিম। তাদের বাসভবনে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। কিমকে নিয়ে এসেছিলেন তার স্বামী ও মা ক্রিস জেনার। এই টিভি ব্যক্তিত্বকে দেখতে তখন খুবই বিমর্ষ লাগছিল।

পিপলস ম্যাগাজিন জানায়, কিমের উপর এ হামলাতে মোটেও সহজভাবে দেখছেন না তার পরিবার। হামলার সময় কিমের দেহরক্ষী প্যাসকেল ডাকাতদের উদ্দেশ্যে বারবারই বলছিলেন, “তোমরা খুব ভুল কাজ করলে। তোমাদেরকে আমরা খুঁজে বের করব। এজন্য তোমাদেরকে পস্তাতে হবে।”

সোমবার প্যারিসে কিমকে নিজ অ্যাপার্টমেন্টের বাথরুমে বেঁধে রেখে ডাকাতরা ওই লুটের ঘটনা চালায়। এ সময় তার বাগদানের আংটিসহ প্রায় সাড়ে আট লাখ ইউরো সমমূল্যের অলঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। ওই মুহূর্তে নিউ ইয়র্কের কুইন্সে মিয়াডোস মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভলে পারফর্ম করছিলেন কিমের স্বামী কানিয়া ওয়েস্ট। 

‘হার্টলেস’ গানের মাঝপথেই তাকে এই জরুরি খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই মঞ্চ ছেড়ে চলে যান তিনি।

ডাকাতির সময় অ্যাপার্টেমেন্টে ছিলেন কিমের মা, বোন ও সন্তানেরা। এসময় পাশের ঘরে ঘুমাচ্ছিলেন কিমের বন্ধু সিমোন। চিৎকার শুনে তিনি, কিমের দেহরক্ষী প্যাসকেল ও বোন কোর্টনি কার্ডাশিয়ানকে ডেকে আনেন। তবে তারা এসে পৌঁছানোর দুই মিনিট আগেই পালিয়ে যায় ডাকাত দল।