‘প্রেম কি বুঝিনি’ নিয়ে বিপত্তির অবসান
অবশেষে সেন্সর ছাড়পত্র পেল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি।
বুধবার রাতে গ্লিটজকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এবং সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।
এ ব্যাপারে গ্লিটজকে আব্দুল আজিজ বলেন, “আমরা বিনা কর্তনে সিনেমার (প্রেম কি বুঝিনি) সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সিনেমাটি যৌথ প্রযোজনার সকল নীতিমালা মেনেই নির্মাণ করা হয়েছে। শুক্রবার সারাদেশে (৭ অক্টোবর) মিষ্টি প্রেমের গল্পের এই সিনেমা মুক্তি দেওয়া হবে।”
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি নাকি যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে। সম্প্রতি জনৈক আনসার উদ্দিন মোল্লা তথ্য মন্ত্রণালয়ে সিনেমাটির ব্যাপারে এমনই এক লিখিত অভিযোগ দাখিল করেন।
যিনি তার অভিযোগ পত্রের ঠিকানায় নিজেকে ৩৯ ময়নাপোতা খুলনা সদরের অধিবাসী বলে উল্লেখ করলেও সেখানে তার সঙ্গে যোগাযোগের কোনো ফোন নম্বর উল্লেখ করেননি। এই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তথ্য মন্ত্রনালয়ের এক চিঠির প্রেক্ষিতে সিনেমার সেন্সর কার্যক্রম স্থগিত করে সেন্সর র্বোড।
অবশেষে মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে সিনেমাটি দেখার পরে সেন্সর বোর্ডের বাধা পেরিয়ে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র ঘরে তুললো বির্তকের মুখে পড়া ‘প্রেম কি বুঝিনি’।
সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন টালিগঞ্জের দুই মুখ শুভশ্রী গাঙ্গুলি এবং ওম। পেলে ভট্রাচার্যের চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের সুদীপ্ত সরকার ও বাংলাদেশের আব্দুল আজিজ।
সিনেমার গানগুলো লিখেছেন প্রিয় চট্রোপাধ্যায় ও প্রসেন।
