২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে আনুশেহ্-এর নতুন অ্যালবাম

অবশেষে আসছে কণ্ঠশিল্পী আনুশেহ্ আনাদিলের নতুন একক অ্যালবাম। গ্লিটজকে খবরটি নিশ্চিত করেছেন আনুশেহ্ নিজেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 02:01 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

তিনি বলেন, “এই বছরের শেষে সম্ভবত আমার নতুন অ্যালবাম প্রকাশিত হতে পারে। এরই মধ্যে অ্যালবামের জন্য বেশ কিছু গানের কাজ গুছিয়ে আনা হয়েছে। যদিও অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি।”

২০১২ সালে ক্যারিয়্যারের প্রথম একক অ্যালবাম ‘রাই’ প্রকাশের মাধ্যমে শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আনুশেহ্ আনাদিল। এরপর থেকেই শুরু হয় আনুশেহ্ ভক্তদের প্রতিক্ষার পালা। র্দীঘ চার বছর ধরে বাজারে তার কোন নতুন গানের অ্যালবাম প্রকাশিত হয়নি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার বন্ধুরা প্রায়ই বলে, অনেকদিন হলো আমার নতুন গান নেই। কিছু একটা করা দরকার। সেই ভাবনা থেকেই এই অ্যালবাম তৈরি করছি। প্রায় প্রতিদিনই রিহার্সাল হচ্ছে, গান বাজনা হচ্ছে।”

নিজের প্রিয় লোক সংগীতের ঘরানাকেই এই অ্যালবামে নতুন করে তুলে ধরবেন আনুশেহ্।

তিনি বলেন, “অ্যালবামে আমার লেখা কিছু গান থাকবে। আমার প্রিয় লালনের গান। এখান থেকেই বৈঠকী মেজাজের কিছু গান নিয়ে অ্যালবামটি হবে।”

আনুশেহের অ্যালবামটি তার নিজের কারুশিল্প ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘যাত্রা’র বান্যারে প্রকাশিত হবে। প্রথমে গানগুলোকে অনলাইনে মুক্তি দেওয়া হবে। এরপরেই অ্যালবামের সিডি প্রকাশিত হবে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন তিনি।

আনুশেহ্ আনাদিন ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের জনপ্রিয় লোক সঙ্গীত ব্যান্ডদল ‘বাংলা’ সঙ্গে সংগীত পরিবেশনা করছেন। এই ব্যান্ডটির বেশিরভাগ জনপ্রিয় গানগুলোতে কন্ঠ দিয়েছেন তিনি। ‘কৃষ্ণপক্ষ’, ‘তোমার ঘরে বাস করে’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘নামাজ আমার হইলো না আদায়’-এর মত গানগুলো তারই গাওয়া।