২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হৃত্বিককে কেন তার বাবা বাঁচাতে আসছেন?’

কাদা ছোঁড়াছুড়ি চলছে অনেকদিন থেকেই। একের পর এক পাল্টা আক্রমণ করেই চলেছেন দুইজনই। হৃত্বিক রোশন আর কাঙ্গানা রানাউতের মধ্যকার সমস্যা এখন প্রকট আকার ধারন করেছে। সেই প্রসঙ্গে কিছুদিন আগে হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন মন্তব্য করেছিলেন। তার মন্তব্যের জের ধরেই এবার মুখ খুললেন কাঙ্গানা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 12:49 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

হিন্দুস্তান টাইমস জানায়, দুই তারকার যুদ্ধ নিয়ে রাকেশ রোশন বলেছিলেন, “হৃত্বিক অন্য রকমের ছেলে। কেউ যদি তার সম্পর্কে মিথ্যে গুজবও রটায়, তাহলেও সে শান্ত থাকে। কিন্তু যদি সে সত্যিটা সকলের সামনে প্রকাশ করে, তাহলে আসল সত্যিটা সবাইকে চমকে দিতে পারে।”

তার এই বক্তব্যের প্রতিবাদে পাল্টা মন্তব্য করেন কাঙ্গানা, “কেন বাবারা সবসময় তাদের ছেলেদের বাঁচাতে আসেন?’”

তিনি আরও বলেন, “হৃত্বিক ৪৩ বছর বয়সী প্রাপ্তবয়ষ্ক একজন পুরুষ। কেন তার বাবা সবসময় তাকে বাঁচাতে আসেন? হৃত্বিক যথেষ্ট সাবালক নিজের সমস্যা নিজে মেটানোর জন্য। সেখানে তো বাবার মন্তব্য করাই উচিত নয়।”

এ বছরের শুরু থেকেই হৃত্বিক রোশান ও কাঙ্গানা রানাউত এর মধ্যে সমস্যার কথা প্রকাশ্যে আসে। একটি টিভি অনুষ্ঠানে হৃত্বিককে উদ্দেশ্য করে বলা কাঙ্গানার একটি মন্তব্য নিয়ে এ সংকটের শুরু হয়।

অনুষ্ঠানে কঙ্গনা বলেছিলেন, “আমি বুঝতে পারি না ‘সিলি এক্স’-রা কেনো মনোযোগ পাওয়ার চেষ্টা করে।”

কাঙ্গানার এ বক্তব্যের পরেই কাঙ্গানাতে উদ্দেশ্য করে হৃত্বিক তার টুইটার পোস্টে লিখেছিলেন, ‘‘তার চেয়ে একজন পোপ এর সঙ্গেও প্রেম করা ভালো।’’

তার এই মন্তব্যের পরই বিষয়টা আরও তিক্ততায় গিয়ে পৌঁছায়। অবস্থা এমনটাই দাঁড়ায় যে কাঙ্গানাকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলে আইনী নোটিস পাঠানো হয় হৃত্বিকের পক্ষ থেকে। কাঙ্গানাও পাল্টা নোটিস পাঠায় হৃত্বিককে। পুলিশের সাইবার সেল থেকে এ ঘটনায় তদন্তও শুরু হয়।

পুরনো খবর:

‘‘সত্যিটা প্রকাশ করলে সবাই আশ্চর্য হয়ে যাবে’’