২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানিদের তোপের মুখে আদনান সামি

কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের প্রশংসা করে পাকিস্তানিদের রোষানলে পড়েছেন সংগীতশিল্পী আদনান সামি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 12:38 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

উরি হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বিরোধ চরমে পৌঁছেছে। সেই বিরোধের হাওয়া লেগেছে বিনোদন জগতেও। পাকিস্তানের শিল্পীদের ভারত ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে, ভারতের সিনেমাও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। এরইমধ্যে পাকিস্তানিদের তোপের মুখে পড়লেন এই গায়ক।

ইন্ডিয়া টুডে বলছে, সাঁড়াশি অভিযানের পর টুইটারে এক বার্তায় আদনান সামি লেখেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অসাধারণ, সফল, সুদক্ষ এবং কৌশলী আঘাতের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এবং আমাদের আর্মড ফোর্স বাহিনীকে অনেক শুভেচ্ছা।”

আদনান সামির এই টুইটের পর তাকে নিয়ে বিদ্রূপ শুরু করে পাকিস্তানিরা। অনেকেই তাকে প্রতারক এবং বহুরূপী বলে সম্বোধন করেন। অনেক পাকিস্তানি টুইটারে তাকে গালিগালাজ করেছেন এবং তিনি ‘শেকড় ভুলে গেছেন’ বলেও তার প্রতি ঘৃণা প্রকাশ হয়েছে।

হাবিব রাজা নামের একজন আদনান সামিকে উদ্দেশ্য করে লিখেন, “আপনার বাবা পাকিস্তান বিমান বাহিনীর সদস্য ছিলেন এবং সিতারা-ই-জুরাত (পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা) ও হিলাল-ই-ইমতিয়াজ (পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা)ভূষিত হয়েছেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তাকেও সন্ত্রাসী বলতে চান।”

শের আফগান নামের একজন লিখেন, “যে মানুষ তার মাতৃভূমির সঙ্গে বেঈমানী করতে পারে, যে যেকাউকে ঠকাতে পারে।”

এদিকে তার টুইটে পাকিস্তানিদের এমন প্রতিক্রিয়া দেখে আদনান সামি আরও একটি টুইট করেন।

সেখানে তিনি লেখেন, “পাকিস্তানিরা আমার আগের টুইট করে যে রকম প্রতিক্রিয়া দিয়েছেন তাতে স্পষ্ট যে, তারা পাকিস্তান ও জঙ্গিবাদকে এক কাতারে দেখেন।”

২০০১ সালের ১৩ মার্চ এক বছরের ভিসা নিয়ে প্রথম ভারতে প্রবেশ করেন আদনান সামি। এরপর অনেকবারই তাকে ভিসার মেয়াদ বাড়াতে হয়েছে। সর্বশেষ গত বছর ২৬ মে ভিসার মেয়াদ শেষ হলে তিনি ভারতীয় সরকারের কাছে সেই দেশে থাকার বৈধতা চেয়ে আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার তাকে দেশটির নাগরিকত্ব প্রদান করে।