এমিতে বাজিমাত ‘গেইম অফ থ্রোন্স’-এর
ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গ্রেইম অফ থ্রোন্স’ এবারের এমি অ্যাওয়ার্ড-এর আসরে জিতে নিয়েছে সেরা ড্রামা টিভি সিরিজ সহ মোট ১২ টি পুরষ্কার, যা আমেরিকান টিভি ইতিহাসে একটি নতুন রেকর্ড।
জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘সং অফ আইস অ্যান্ড ফায়ার’-এর টিভি সংস্করণ ‘গেইম অফ থ্রোন্স’ দ্বিতীয়বারের মতো জিতে নিল সেরা ড্রামা সিরিজের খেতাব। এছাড়াও এই বিভাগের সেরা পরিচালক ও সেরা রচয়িতার পুরষ্কারটিও গেছে এই টিভি সিরিজের ঘরে। মোট ২৩ টি মনোনয়নের মধ্যে এক ডজন ট্রফি বাগিয়ে নেওয়ার পথে ‘গেইম অফ থ্রোন্স’ পেছনে ফেলেছে ইউএসএ নেটওয়ার্কের ‘মিস্টার রোবট’ ও নেটফ্লিক্স-এর ‘হাউজ অফ কার্ডস’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজগুলোকে।
ওদিকে নয়টি পুরষ্কার বাগিয়ে নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মিনি সিরিজ ‘দ্য পিপল ভার্সেস ও জে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই মিনি সিরিজ জিতে নিয়েছে সেরা লিমিটেড টিভি সিরিজ, এবং এই বিভাগের সেরা দুই অভিনয়শিল্পীর পুরষ্কারও (কোর্টনি বি ভ্যান্স ও সারাহ পলসন)।
ড্রামা বিভাগের সেরা অভিনেতা হয়েছেন রামি মালেক, ‘মিস্টার রোবট’-এর জন্য। এই বিভাগের সেরা অভিনেত্রী হয়েছেন তাতিয়ানা মাসলানি, ‘অরফ্যান ব্ল্যাক’-এর জন্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত টিভি উপস্থাপক জিমি কিমেল।
