‘এখন আমি এক নতুন সাবিলা’
ছোটবেলা থেকে নাচের তালিম নিলেও একটি বেসরকারী মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেলিংয়ের পর সবার নজরে আসেন সাবিলা নূর। এরপর খুব অল্প সময়ের মধ্যেই বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ বনে যান সাবিলা। সম্প্রতি নিজের ক্যারিয়্যারের বিভিন্ন দিকগুলো নিয়ে গ্লিটজের সঙ্গে কথা বলেছেন তিনি।
গ্লিটজ: নাটকে অভিনয়ের ক্ষেত্রে আপনাকে একটি র্নিদিষ্ট দলের সঙ্গেই বেশি কাজ করতে দেখা যায়। এর কারন কি?
সাবিলা: আমার মনে হয় এই কথাটা এখন আর সত্য নয়। আমি এখন অনেকের সঙ্গেই কাজ করছি। তবে যেহেতু আমরা একটি র্নিদিষ্ট বয়সের সীমার মধ্যে অনেকেই রয়েছি বলেই হয়ত একটি র্নিদিষ্ট দলের সঙ্গেই আমার বেশি কাজ করা হয়। তবে এইসময়ের একজন অভিনয়শিল্পী হিসেবে আমি মনে করি সব অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের ক্ষেত্রে ভার্সেটাইল হওয়া উচিত।
গ্লিটজ: তারকাখ্যাতি, নাকি মানসম্মত কাজ- আপনি কোনটিকে বেশি প্রাধান্য দেন?
সাবিলা: সত্যি বলতে আমি তারকাখ্যাতি ও মানসম্মত কাজ দুটোর পেছনেই দৌড়াই। যদি কোন মানুষ বলে তিনি ফেইমের পেছনে ছোটে না তাহলে একটু ভণ্ডামি হয়ে যায়। অভিনয়টা প্যাশনের যায়গা থেকেই করি। অভিনয়ের কারনেই তো মানুষ আমাদের চেনে। যখন মানুষ আমাকে চিনছে, আমার সঙ্গে ছবি তুলছে, আমার সঙ্গে কথা বলতে চাইছে, আমার কাজের প্রশংসা করে তখন এই বিষয়গুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে। যা আমাকে আরো বেশি মানসম্মত কাজ করতে অণুপ্রাণিত ও উৎসাহিত করে।
গ্লিটজ: সাবিলা ক্ষণিকের অতিথি নয় তো?
আমার অবশ্য বেশ কিছু খারাপ অভ্যাস রয়েছে। আমি যদি সেই খারাপ অভ্যাসগুলো বদলাতে না পারি তাহলে অবশ্যই আমাকে কেউ কাজের জন্য ডাকবেনা। কিংবা আমাকে তাদের কাজে নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তা করবেন। কিন্তু আমি যতদিন পযর্ন্ত মনে করবো, অভিনয় আমাকে খুশি করছে আমি ততদিন পযর্ন্ত এখানে কাজ করার জন্য আমার শতভাগ প্রচেষ্টা দিয়ে যাবো।
গ্লিটজ: নাচ, মডেলিং ও অভিনয়ের মধ্যে কোথায় আপনি নিজেকে খুঁজে পান?
সাবিলা: নাচ আমার খুবই কাছের। আমার তো মনে হয় নাচ আমার রক্তে রয়েছে। কারণ আমি অনেক ছোটবেলা থেকে নাচের অনুশীলন করছি। নাচের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কিন্তু যখন থেকে আমি অভিনয় করা শুরু করেছি তখন থেকেই আমি নিজেকে একেবারেই অন্যরকমভাবে আবিস্কার করতে পেরেছি। অভিনয়ের সময় বিভিন্ন চরিত্রে হোক কিংবা শুটিংয়ে এসে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে হোক, এখন আমি এক নতুন সাবিলা। যে সাবিলাকে আমি উপস্থাপন করতে চাই সেই সাবিলাকে আমি নিজেই আবিস্কার করেছি।
গ্লিটজ: সিনেমা নিয়ে কি পরিকল্পনা রয়েছে?
সাবিলা: সিনেমা নিয়ে আপাতত কোন পরিকল্পনা নেই। হতে পারে সিনেমার জন্য এখনও আমি উপযুক্ত নই। আবার এটাও হতে পারে এখন সিনেমার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। তাই এই প্রশ্নের উত্তরটা একটু রহস্যে ঘেরা থাক।
গ্লিটজ: ঈদের কাজ সম্পর্কে জানতে চাই?
সাবিলা: এবারের ঈদে বেশ কয়েকজন ভালো নির্মাতার সঙ্গে কাজ করেছি। এদের মধ্যে রয়েছেন, অঞ্জন আইচ, রেদওয়ান রনি, আরেফিন অমি সহ আরও অনেক। আমার প্রত্যাশা দর্শকদের আমার এবারের ঈদের কাজগুলো ভালো লাগবে।
ছবি: তানজিল আহমেদ জনি
