২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব গরু আমার দিকেই তাকিয়ে থাকতো’

কুরবানীর ঈদ মানেই হাটে গরু-ছাগল কেনা নিয়ে নানা বিড়ম্বনা। আবার একই সঙ্গে এই সময়টায় ঘটে জীবনের অনেক মজার মজার ঘটনাও। তাই কুরবানীর ঈদে গরু কেনার মজার গল্প কিংবা অভিজ্ঞতার কথা জানতে তারকাদের মুখোমুখি হয়েছিলো গ্লিটজ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 01:42 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

ব্যস্ততার কারণে এখন আর হাটে গিয়ে গরু কেনা হয় না হালের আলোচিত নায়ক আরেফিন শুভর।

তিনি বলেন,“ ঈদে হাটে গিয়ে গরু কেনার মজার গল্প এখন আর নেই। প্রায় ছয় বছরেরও বেশি সময় হবে এখন আর হাটে গিয়ে গরু কেনা হয় না। বাড়ির অন্য সবাই হাটে গিয়ে গরু কিনে নিয়ে আসে।”

তবে একটা সময় যখন নিয়মিত হাটে যেতেন, তখন নাকি খুবই ভয়ে ভয়ে থাকতেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যতি এই তারকা। কারণ সারাক্ষণই তার মনে হতো, গরুগুলো তাকেই গুতিয়ে দেওয়ার চেষ্টা করছে।

“কিন্তু আমি যখন হাটে গরু কিনতে যেতাম তখন আমার সবসময়ই কেন জানি মনে হতো হাটের গরুগুলো আমার দিকেই তাকিয়ে আছে!”

সেইসব দিনের কথা মনে করে হাসতে হাসতে শুভ বলে ওঠেন,“আমি জানি না, আমার এমনটা কেন মনে হতো; কিন্তু হাটে গিয়ে দেখতাম সবগুলো গরুর শিং আমার দিকেই কেন জানি তাক করে রাখা! আমার সঙ্গে অন্য আরও অনেকে গরু কিনতে গেলেও আমার কেন যেন মনে হতো, গরুগুলো আমাকেই শুধু গুতিয়ে দিবে!”

গরু নিয়ে একটা সময় এভাবে ভয়ে ভয়ে কাটালেও এখন হাটে যাওয়ার মূর্হুতগুলো নাকি খুব মিস করেন শুভ। 

তিনি বলেন, “হাটে গিয়ে গরু কেনাটা আমি এখন খুবই মিস করি। কারণ হাটে গিয়ে গরু কেনার যে পুরো আয়োজন ও জার্নিটা রয়েছে- সেটা খুবই আনন্দের। সবাইকে নিয়ে হাটে যাওয়া, গরু কিনতে গিয়ে গরু দেখা- এই বিষয়গুলো খুবই মিস করি। বছর দুয়েক আগে চেষ্টা করেছিলাম হাটে গিয়ে গরু কেনার; কিন্তু পরে সেটা আর সম্ভব হয়নি।”

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই অভিনেতার সিনেমা ‘নিয়তি’। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন ফাল্গুনী রহমান জলি। সম্প্রতি তিনি শেস করেছেন ‘প্রেমি ও প্রেমি’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।