২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ভোঁসলের চরিত্রে প্রিয়াঙ্কা?

উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলের কণ্ঠের মতোই, তার জীবনটাও কম বৈচিত্রময় নয়। আশার জীবন নিয়ে যদি তৈরি হয় ছবি, তবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কে? প্রশ্নের উত্তর দিয়েছেন আশা নিজেই। বলেছেন, নিজের চরিত্রে তিনি সবচেয়ে খুশি হবেন প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় দেখলে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 03:47 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

ভারতের এই সংগীতশিল্পী সম্প্রতি উদযাপন করলেন নিজের ৮৩ তম জন্মদিন।

সেদিন ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে আশা বলেন, “যদি কেউ আমার জীবনকে রুপালি পর্দায় নিয়ে আসে, তাহলে আমার চরিত্রে যেন প্রিয়াঙ্কাকে নেওয়া হয়। তিনি নিজেও একজন গায়িকা, তাই তিনি আমার চরিত্রটি বুঝতে পারবেন।”

স্বামী রাহুল দেব বর্মণকে নিয়েও পরিচালকদের সিনেমা তৈরি করা উচিত বলে মনে করেন আশা।

তিনি বলেন, “তার সংগীত ওই সময়ের চেয়ে ৪০-৫০ বছর এগিয়ে ছিল। সুর, তালের ব্যাপারগুলোতে তিনি অনেক পরিশ্রম করেছেন। তার জীবনী নিয়ে একটি সিনেমা হলে মন্দ হয় না। তার গানগুলো আবারো মানুষ নতুনভাবে শুনতে পারবে। যারা তাকে ভুলে গেছে তাদের জন্য এই সিনেমাটি বানানো দরকার।”

বলিউডে হঠাৎ করেই জীবনীমূলক সিনেমা নির্মাণ বেড়ে গিয়েছে। এই মাসের শেষে আসছে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত ‘এমএস ধোনিঃ দা আনটোল্ড স্টোরি’।

এর আগে দৌড়বিদ মিলখা সিং ও বক্সার মেরি কমকে নিয়ে বানানো সিনেমাগুলো জনপ্রিয়তা পেলেও ক্রিকেটার আজহারউদ্দিন এবং পাকিস্তানের কারাগারে মৃত্যুবরণ করা ভারতীয় বন্দী সারাবজিতকে নিয়ে তৈরি করা সিনেমা দর্শকের মন ভরাতে পারেনি।

আগামী বছর কিশোর কুমার-এর জীবন পর্দায় নিয়ে আসছেন রানবির কাপুর। রানবির আরও অভিনয় করবেন রাজকুমার হিরানি নির্মিত সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি জীবনীমূলক সিনেমাতে।