২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আসছে লাকী আখন্দের মিউজিক ভিডিও

ক্যান্সার আক্রান্ত কিংবদন্তী শিল্পী লাকী আখন্দের চিকিৎসায় পাশে দাঁড়াতে তারই গাওয়া তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 06:33 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

বুধবার সন্ধ্যায় প্রাণ গ্রুপের ইউটিউব চ্যানেল ‘প্রাণ স্ন্যাকস টাইম’ এ প্রকাশ করা হবে লাকী আখন্দের গাওয়া ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ এবং ‘আগে যদি জানতাম’ গানের ভিডিও।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফ ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন বলেন, “আমরা কপিরাইট আইনের দিকটি মাথায় রেখে তার গানগুলো অবিকৃত রেখে প্রকাশ করছি।

“রেডিওতে গাওয়া তার অনেক গান সংরক্ষণ করা হয়নি। যদি সেই গানগুলো পাওয়া যায়, তবে সেগুলো আমরা সংরক্ষণ করব।”

সংবাদ সম্মেলনে প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার জানান, লাকী আখন্দের সঙ্গে প্রাণ ফুডস লিমিটেডের এই মিউজিক ভিডিও নিয়ে একটি চুক্তি হয়েছে।

প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিং আলী হাসান আলম বলেন, “লাকী আখন্দ তার গানের মাধ্যমে আমাদের আনন্দ দিয়েছেন। এ মুহূর্তে আসলে আমাদের কাছ থেকে তিনি কিছু চাইতেন পারেন। আমরা তার গানগুলো শ্রোতাদের কাছে নতুনভাবে পৌঁছে দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই।”

মিউজিক ভিডিওগুলো নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রেদওয়ান রনি। প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি।

Image
লাকী আখন্দ (ফাইল ছবি)

লাকী আখন্দ (ফাইল ছবি)

রনি বলেন, “লাকী আখন্দের মতো কিংবদন্তী শিল্পীর গান নিয়ে কাজ করা আমার জন্য এক বিরাট অভিজ্ঞতা।

“এটি আমার প্রথম মিউজিক ভিডিও। আশা করি গানগুলোর মতো এর ভিডিও শ্রোতা-দর্শকের ভালো লাগবে।”

লাকী আখন্দের গানগুলোর নতুন সংগীতায়োজনের পাশাপাশি তাতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়ক লিমন।

মিউজিক ভিডিওগুলোতে মডেল হয়েছেন অগ্নিলা, আজাদ, নাজিফা তুষি, রাজ ও সৌমিক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিউজিক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিংকু।

ক্যান্সার আক্রান্ত শিল্পী লাকী আখন্দ এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।