নাতনীদের উদ্দেশ্যে অমিতাভের চিঠি
অমিতাভ বচ্চন- বলিউড জগতের অন্যতম শক্তিধর অভিনেতা ছাড়াও তার রয়েছে আরো একটি পরিচয়। তা হলো দুই নাতনি নাভ্যা ও আরাধ্যার পিতামহ। মেয়ে শ্বেতা ও জামাই নিখিল নান্দির মেয়ে নাভ্যা নাভেলি এবং ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের উদ্দেশ্যে অমিতাভ লিখেছেন এ খোলা চিঠি। চলুন জেনে নিই কি লেখা আছে অমিতাভের এ চিঠিতে।
তিন পাতার ছোট্ট এ চিঠিটি মূলত দাদা হিসেবে তার নাতনিদের জন্য লিখেছেন বিগ বি। টু্ইটার আ্যকাউন্টে চিঠিটি পড়াকালীন একটি ভিডিও আপলোড করেছেন তিনি। ভিডিও শেষে অমিতাভ বলেন, শুধু তার দুই নাতনি নয় বরং দাদু হিসেবে তার নাতনিদের বয়সি সকলকে উদ্দেশ্য করেই এটি লিখেছেন তিনি।
চিঠিতে অমিতাভ তার দুই নাতনিতে সতর্ক করে বলেছেন, ‘‘জীবন খুবই কঠিন একটি জায়গা। যেখানে টিকে থাকাটা খুবই কষ্টের। পারিবারিক পরিচয়ে তোমরা যত বড়ই হও না কেন- নারী হিসেবে এ সমাজ সব সময়ই তোমাদেরকে বাধার মুখে ফেলবে। কিন্তু তোমাদেরকে সে বাধা কাটিয়ে বড় মানুষ হয়ে উঠতে হবে।’’
নাতনিদের উদ্দেশে অভিতাভের আরেকটি উপদেশ হলো, কখনোই লোকে কী ভাববে তা নিয়ে মাথা ঘামানো যাবে না। অমিতাভ লিখেছেন, ‘‘জীবনে বড় হতে হলে কখনোই লোকের কথায় কান দেয়া চলবে না। পাছে লোকে কিছু বলে-এই ভয়ে কখনোই চুপ করে থাকবে না। নিজের বিবেক-বুদ্ধি দিয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হবে তোমাদেরকে।
নারী হিসেবে সমাজের সব বাধা জয় করে বড় মানুষ হেসেবে গড়ে উঠতে দুই নাতনিকে পরামর্শ দিয়েছেন দাদা অমিতাভ। তিনি লিখেছেন, ‘‘সব কিছুর ঊর্ধ্বে তোমরা দু’টি মেয়ে। আর তোমরা মেয়ে বলেই মানুষ চেষ্টা করবে তাদের ভাবনা চিন্তা তোমাদের উপরে চাপিয়ে দিতে। তারাই বলে দেবে, তুমি কী ভাবে সাজবে, কেমন আচরণ করবে, কার সঙ্গে দেখা করতে পারবে, কোথায় কোথায় যেতে পারবে। কিন্তু মানুষের বিচারের উপরে নিজেদের জীবন ছেড়ে দিও না।’’
বিয়ে প্রসঙ্গে নাতনিদের দেয়া অমিতাভের পরামর্শ হলো, ‘‘ঠিক যখন তোমাদের মনে হবে তোমরা বিয়ের জন্য প্রস্তুত ঠিক তখনি বিয়ের কখা ভেবো তার আগে নয়। লোকে তোমাদের অনেক কিছু বলবে। ভয়ঙ্কর সব জিনিস। কিন্তু তাতে কান দেওয়ার কোনও দরকার নেই।’’
চিঠির শেষে এসে অমিতাভ লিখেছেন, ‘‘আমি যা করেছি, তার চেয়েও বড় কিছু করবে তোমরা। অমিতাভ বচ্চন হিসেবে নয়, তোমাদের দাদু হিসেবে পরিচিত হতে পারলেই বেশি ভালো লাগবে আমার।’’
অমিতাভের বড় নাতনি নাভ্যার বয়স ১৮ আর ছোট নাতনি আরাধ্যের বয়স মাত্র ৪ বছর। আরাধ্যাকে উদ্দেশ্য করে তাই অমিতাভ লিখেছেন, ‘‘যখন তুমি এ চিঠি বোঝার মতো বয়সে পৌঁছাবে তখন হয়ত আমি আর থাকবো না। কিন্তু দাদুর বলা কথাগুলো হয়ত তখন তুমি নিজেই অনুভব করতে পারবে।’’
নাতনিদের জীবনের পাঠ দেয়ার জন্য এ আবেগঘন চিঠিটি অমিতাভ লিখেছেন শিক্ষক দিবসের দিনে। সত্তোরোর্ধ এ অভিনেতা এ মুহুর্তে ব্যস্ত রয়েছেন ‘পিঙ্ক’ ছবি শুটিংয়ের কাজে। সামনে তাকে দেখা যাবে ইয়াসরাজ ফিল্মসের ‘থাগ’ ছবিটিতে।
